আমাদের ভারত, ১০ এপ্রিল:রোজ খুন জখম ধর্ষণ না হলে বোঝা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলছে। দক্ষিণ ২৪ পরগনার মগরা হাটের জোড়া খুন এবং নদীয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণের পর খুনের ঘটনায় এভাবেই কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানা গেছে এই দুই ঘটনার প্রতিবাদে পথে নামার প্রস্তুতি নিচ্ছে রাজ্য প্রধান বিরোধী দল। দুই জায়গাতেই প্রতিনিধি দল পাঠাতে চলছে পদ্ম শিবির বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।
সুকান্ত মজুমদার বলেন, “প্রতিদিন খুন-ধর্ষণ না হলে বোঝাই যায় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে। রাজ্যে অরাজকতা চলছে। রোজ রোজ কোথাও না কোথাও খুন জখম বা ধর্ষণ চলছে এটা বাংলার মানুষের কাছে লজ্জার বিষয় হয়ে উঠেছে”।
শনিবার মগরাহাটের মাগুরপুকুর এলাকা থেকে বরুণ চক্রবর্তী এবং মলয় মাকাল নামে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ জানে আলম অ্যান্ড কোম্পানির একটি সংস্থার ঘর থেকে উদ্ধার হয়। রবিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার কাছাকাছি সময়ে এক নাবালিকাকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তপাতের কারণে তার মৃত্যু হয়। এই দুই ঘটনাতেই রাজ্যস্তরে প্রতিনিধিদল পাঠাচ্ছে রাজ্য বিজেপি। রামনবমীর জন্য সব নেতাই আজ ব্যস্ত থাকায় সোমবারই দুই জায়গায় প্রতিনিধিদল যাবে। যদিও হাঁসখালির ঘটনায় আজ স্থানীয় নেতারা গিয়েছেন। মহিলা মোর্চার একটি প্রতিনিধিদল ও সেখানে যাবেন বলে জানা গেছে।
সুকান্ত মজুমদারের বক্তব্যের পাল্টা দিতে গিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন ,ওরা উত্তরপ্রদেশের দিকে তাকান। কেন্দ্র সরকারের রিপোর্ট দেখলেই বোঝা যাবে বাংলা কত নিরাপদ। বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলা অনেক ভাল রয়েছে। এটা ঠিক যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। তবে সবজায়গাতেই পুলিশ উপযুক্ত পদক্ষেপ করছে।

