সাথী দাস, পুরুলিয়া, ২০ মার্চ: সংযুক্ত মোর্চা এ রাজ্যে ক্ষমতায় এলে দরিদ্র পরিবার পিছু ৫৭০০ টাকা করে মাসিক আর্থিক প্যাকেজের প্রতিশ্রুতি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। আজ পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী পার্থ প্রতীম ব্যানার্জির সমর্থনে নির্বাচনী জনসভা করেন অধীর রঞ্জন চৌধুরী।
ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে অধীর বলেন, “এখন জনপ্রতিনিধিরা হলেন আলু আর পটলের মতো। পয়সা দাও আর কিনে নাও। নীল চোর যাঁরা ছিলেন তাঁরা এখন গেরুয়া চোর হতে যাচ্ছেন। এই মুহূর্তে বিজেপি আর তৃণমূল একই পয়সার দুটি পিঠ মাত্র।”
বিজেপি ও তৃণমূলকে এক হাত নিয়ে তোপ দাগেন অধীর। তিনি বলেন, “এই নির্বাচনে তিনটি শক্তি অংশগ্রহণ করেছে। একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি, একটা স্বৈরতান্ত্রিক শক্তি তৃণমূল আর একটা মানুষের পাশে থেকে মানুষের সেবা করার শক্তি সংযুক্ত মোর্চা।”
পুরুলিয়া ২ ব্লকের পোদলাড়া স্কুল মাঠে আয়োজিত ওই জনসভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো, ঝাড়খণ্ডের স্বাস্থ্য মন্ত্রী বান্না গুপ্তা, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয়, জেলা বামফ্রন্ট আহ্বায়ক প্রদীপ রায় প্রমুখ।

