অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ মার্চ:
“যদি তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেবে। তৃণমূলের সব শ্লোগান বাংলাদেশ থেকে ধার করা,’মা মাটি মানুষ’ স্লোগান দিয়েছিলেন বেগম খালেদা জিয়া,’জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন মুজিবুর রহমান।” মঙ্গলবার নয়াগ্ৰামের খড়িকামাথানী চকে নয়াগ্ৰাম বিধানসভার বিজেপি প্রার্থী বকুল মুর্মুর সমর্থনে সভা করতে এসে রাজ্যের শাসকদল তৃণমূলকে এভাবেই নিশানা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অধিকারী বলেন, আপনারা লিখে রাখুন আমি বিজেপির হয়ে বলছি, বিজেপি সরকার হলে ১টাকা কিলো চাল, পাঁচ টাকা কিলো চিনি, ৩০ টাকা কিলো ডাল পাবেন। সঙ্গে এদিন তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, এখন যে তৃণমূল প্রার্থী দুলাল কাঁথিতে থাকত ওকে আমি এনে ২০১১ সালে নমিনেশন করালাম, ওই একটা মানুষ দিয়ে আর চলতে পারে না। সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন দুলাল কথা বলতে জানে? সোমবার খড়িকামাথানী চকে এভাবেই তাঁর পুরোনো দল তৃণমূলের প্রতি আক্রমণ শানান। আগামী ২৭ মার্চের ভোটে বিজেপি প্রার্থী বকুল মুর্মুকে ভোট দেওয়ার আবেদন করেন শুভেন্দু অধিকারী।

একদিন সভাশেষে শুভেন্দু অধিকারী গোপীবল্লভপুর বিধানসভার প্রার্থী সঞ্জীত মাহাতোর সমর্থনে গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকে তপসিয়া বাজার থেকে ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী পর্যন্ত বাইক র্যালি যোগ দেন, তার পরে তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

