পুরনো কর্মীদের টিকিট দিলে আজ এই দিন দেখতে হতো না, আক্ষেপ বিজেপি বিধায়কের

আমাদের ভারত, কোচবিহার, ৭সেপ্টেম্বর: পুরনো কর্মীদের দল বিধানসভায় টিকিট দিলে এইদিন দেখতে হত না। বিজেপি বিধায়কদের তৃণমূলে যাওয়া প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে।

সম্প্রতি বিজেপির টিকিটে জেতা একাধিক বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, অনেকে আবার তৃণমূলে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। যারা সকলেই বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গিয়েছিলেন। বিজেপির টিকিটে ভোটে জিতে ফের পুরনো দলে প্রত্যাবর্তন ভালো চোখে দেখছে না বিজেপি কর্মীরা। তারই প্রতিফলন দেখা গেল কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়কের কথায়।

নিখিল রঞ্জন দে দীর্ঘদিনের বিজেপি নেতা। একসময় কোচবিহার জেলা বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলার দলের অবজারভার হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক মহলের ধারণা নিখিলবাবুর এই মন্তব্যের মধ্য দিয়ে পুরনো বিজেপি কর্মীদের বক্তব্য উঠে এসেছে।

শুধু তাই নয়, নিখিলবাবু বলেছেন, এই নেতারা কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তাদের চিনতে পারেনি। তারা ভেবেছিল বিজেপি ক্ষমতায় আসবে কিন্তু যখন দেখল সেই স্বপ্ন পূরণ হলো না তখন তারা আবার ক্ষমতার জন্য নিজেদের পুরনো দলে ফিরে যাচ্ছে। নিখিল রঞ্জন দে বলেন, আমাদের ভুল হয়েছে পরবর্তীকালে এই ভুল থেকে অবশ্যই শিক্ষা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *