আমাদের ভারত, ৫ জুলাই: যে নূপুর শর্মার মাথা কেটে এনে দেবে তাকে আমার ঘরবাড়ি দিয়ে দেব। এমনই হিংসাত্মক মন্তব্য করেছেন আজমের শরিফের খাদেম সালমান চিশ্তি। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে এই কথাই বলতে দেখা গেছে তাকে। তারপর থেকেই নিখোঁজ খাদেম। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেছেন, “আমার জন্মদাত্রী মায়ের নামে শপথ করে বলছি, নূপুর শর্মাকে সবার সামনে গুলি করে মারব। আমার ছেলে মেয়েদের নামে বলছি যদি কেউ নূপুর শর্মার মাথা কেটে আমার কাছে নিয়ে আসে, তাহলে আমার বাড়ি তাকে দিয়ে দেব। এটা সালমানের প্রমিস।”
জানা গেছে, এর আগে একাধিক কারণে পুলিশের কাছে সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
গত সপ্তাহে রাজস্থানে নূপুর শর্মাকে সমর্থন করার জেরে এক হিন্দু দর্জিকে খুন করে দুই মুসলিম ব্যক্তি। এই ঘটনার আগেও একইভাবে ভিডিও তৈরি করে দর্জিকে হুমকি দিয়েছিল দুই অভিযুক্ত। সালমানের ভিডিও ভাইরাল হতেই আলওয়ার গেট থানায় অভিযোগ দায়ের করা হয়। আজমেরের এএসপি জানিয়েছেন, এমন ভিডিও বানানোর অভিযোগে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন, ভিডিওতে সালমানকে মত্ত অবস্থায় দেখা গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে।
কিছু দিন আগেই উদয়পুর হত্যাকাণ্ডের নিন্দা করেছিলেন আজমের দরগার দিওয়ান আবেদিন আলি খান। তিনি এই ঘটনাকে তালিবানি আচরণের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ভারতের মুসলিমরা এমন তালিবানি মানসিকতা কিছুতেই মেনে নেবে না। কোনো ধর্মই হিংসাকে প্রশ্রয় দেয় না। কিন্তু এরপরেও এই রকম হিংসাত্মক ও বিদ্বেষমূলক মন্তব্য করা হলো সেই আজমের দরগা থেকেই।

