পাশ না করিয়ে দিলে আত্মহত্যা করব, বনগাঁ ও বারাসতে অবরোধ করে হুমকি উচ্চ মাধ্যমিক অকৃতকার্যদের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৩ জুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করানোর দাবিতে যশোর রোড অবরোধ করে আত্মহত্যার হুমকি দিলেন উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী স্কুলের পড়ুয়ারা। পরীক্ষায় অকৃতকার্য হলেও পড়ুয়াদের দাবি, তাঁদের সকলকে পাশ করিয়ে দিতে হবে। এই দাবি না মানলে রাস্তাতেই অনশন আন্দোলনের হুমকি দিয়েছেন পড়ুয়ারা। বনগাঁ ছাড়াও বারাসতেও একই রকম বিক্ষোভের ছবি ধরা পড়েছে।

চলতি বছর উত্তর ২৪ পরগনার ওই স্কুলের ২৭৯ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩৭ জন পরীক্ষার্থী ইংরেজি-সহ অন্যান্য বিষয়ে ফেল করেছেন। সোমবার সকাল থেকে বনগাঁর কুমুদিনী স্কুলের সামনে যশোর রোডের উপর পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেছেন পড়ুয়ারা। তাঁদের দাবি, শিক্ষাবর্ষের মাঝেই পাঠ্যক্রমের নানা পরিবর্তন করা হয়েছে। কখনও অনলাইন, কখনও বা অফলাইনে পরীক্ষা দিতে হবে বলা হয়েছিল তাঁদের। অঙ্কিতা পাল নামে এক ছাত্রী বলেন, “সিলেবাস বার বার পাল্টাছে। অনলাইনে পরীক্ষা দেওয়ার কথা ছিল, অফলাইনে তা দিতে হয়েছে। সকলেই এক বিষয়ে ফেল করতে পারে না। যতক্ষণ পর্যন্ত আমাদের পাশ করিয়ে না দেওয়া হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। এই রাস্তা থেকে উঠব না।”

একই দাবিতে বারাসত প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ পড়ুয়ারাও যশোর রোডে পথ অবরোধ শামিল হন। ওই স্কুলের ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অনুর্ত্তীর্ণ হয়েছেন। আন্দোলনকারীদের দাবি, তাঁদের ইচ্ছাকৃত ভাবে ফেল করানো হয়েছে। যদিও এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা সদুত্তর দিচ্ছেন না বলেও দাবি ছাত্রীদের।

যদিও বনগাঁর কুমুদিনী স্কুলের শিক্ষিকা পদ্মাবতী মণ্ডল বলেন, রেজাল্ট হাতে না পাওয়া পর্যন্ত বলতে পারছিনা কেন এমন হল। তবে ছাত্রীরা ক্ষোভের বসে রাস্তা অবরোধ করেছিল, পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *