অস্তিত্ব রক্ষার লড়াই না করলে কাশ্মীরি পণ্ডিতদের মতোই অবস্থা হবে বাংলার হিন্দুদের, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

আমাদের ভারত, ১৭ মার্চ: বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের হিন্দুরা এখনই না জাগলে কাশ্মীরি পণ্ডিতদের মত অবস্থা হবে তাদেরও। গিরিরাজের আগে কাশ্মীরের সাথে বাংলার তুলনা টেনে একই কথা বলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বুধবার বিবেক অগ্নিহোত্রীর বিতর্কিত ছবি দ্য কাশ্মীর ফাইলস দেখার পর, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশায় চোখের জল ফেলতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। গিরিরাজ বলেন, যারা দ্য কাশ্মীর ফাইলস ছবি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন তারা দেশকে বিভ্রান্ত করছেন। এই ছবি দেশের সব প্রান্তে দেখানো উচিত। এরপরই বাংলার সঙ্গে কাশ্মীরের তুলনা টেনে আনেন কেন্দ্রীয় মন্ত্রী। তার বক্তব্য, নয়ের দশকে কাশ্মীরের রাজনীতিকদের ভূমিকা যেমন ছিল, আজ সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হিন্দুরা যদি নিজের অস্তিত্ব জন্য লড়াই না করে তাহলে বাংলাই পরবর্তী কাশ্মীর হতে চলেছে।

এই বিজেপি নেতার দাবি, শুধু দুটো একটা দুটো জেলা নয় বাংলার বহু জেলায় সংকটে রয়েছেন হিন্দুরা। তবে এর জন্য গোটা মুসলিম সমাজকে দায়ী করেননি তিনি। গিরিরাজ বলেছেন, আমরা মুসলিমদের যতটা ভয় পাচ্ছি তার থেকে অনেক বেশি ভয় পাচ্ছি মুসলিম মৌলবাদীদের।

গিরিরাজের এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মের ভিত্তিতে বিভাজনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন‌ বিরোধী দলের অনেক নেতা নেত্রী। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করেছিলেন। যোগীও কাশ্মীরের সঙ্গে বাংলাকে এক আসনে বসিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন বাংলা এবং কেরলের মানুষ ভয় নিয়ে জীবন যাপন করেন। তিনি অভিযোগ করেছিলেন দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে উঠেছে এই রাজ্য দুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *