নোটায় সর্বোচ্চ ভোট পড়লে, বাতিল হোক সেই আসনের নির্বাচন, কেন্দ্র ও কমিশনের জবাব চাইলো শীর্ষ আদালত

আমাদের ভারত, ১৫ মার্চ:দরজায় কড়া নাড়ছে বাংলা সহ দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। এই শিড়ে সংক্রান্তির সময় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট। একটি ভোটের একটি কেন্দ্রে যদি বেশির ভাগ ভোট নোটায় পড়ে তাহলে তা বাতিল করা হোক। প্রয়োজনে ওই আসনে পরবর্তীতে ফের ভোট করা হোক। এই দাবী নিয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছিলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। এই আবেদনের ভিত্তিতে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের মতামত জানতে চাইল দেশের শীর্ষ আদালত।

দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বলা হয় শীর্ষ আদালতের উচিত নির্বাচন কমিশনকে এ বিষয়ে স্পষ্ট একটি নির্দেশিকা দেওয়া। আবেদনকারীর আইনজীবী আদালতে বলেন, আমরা “অস্বীকার করা” এই অধিকারের স্বীকৃতি চাইছি। অর্থাৎ কোন কেন্দ্রে যদি নোটায় সর্বোচ্চ ভোট পড়ে তাহলে বুঝতে হবে একটা বড় অংশের মানুষ ওই কেন্দ্রের কোন প্রার্থীকেই পছন্দ করেননি। তখন সংখ্যাগরিষ্ঠতার রায় মেনে ওই আসনের ভোট বাতিল করে দেওয়া উচিত।

ওই প্রস্তাবের জবাবে প্রধান বিচারপতি এস এ বোবদে বিচারপতি এ এস বোপান্না, ও ভিরামা সুব্রামানিয়ামের বেঞ্চ বলে কোন আসনে নির্বাচন যদি বাতিল হয়ে গেলে তাহলে সংসদে বা বিধানসভায় একটি আসন ফাঁকা পড়ে থাকবে।

আবেদনকারীর পক্ষে প্রশ্ন করা হয় যদি কোথাও ৫০ শতাংশ বা তার বেশি নোটায় ভোট পড়ে তাহলে তো সেটাকে গুরুত্ব দিতেই হবে। যদি ভোটের ফলে দেখা যায় ১% লোক একজন প্রার্থীকে পছন্দ করেছেন বাকি ৯৯% কাউকেই পছন্দ করছেন না। তাহলে ওই এক শতাংশের রায়ের উপর ভিত্তি করে ফলাফল তৈরি হবে?

প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন সমস্যাটি একটি সাংবিধানিক সমস্যা। আপনার কথা মেনে নিলে হতে পারে অনেকগুলি আসন সংসদ বা বিধানসভায় খালি থেকে যাবে।এভাবে সংসদীয় গণতন্ত্র চলতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *