মমতা বন্দ্যোপাধ্যায় বললে তার সঙ্গে এক মঞ্চে উন্নয়নের খতিয়ান নিয়ে বসবো: শুভেন্দু

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ অক্টোবর: আমি রাজ্যের বিরোধী দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় বললে তাঁর সঙ্গে এক মঞ্চে উন্নয়নের খতিয়ান নিয়ে বসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে পাল্টা আক্রমণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, গতকাল তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর প্রচারে শান্তিপুরে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রচার মঞ্চে উন্নয়নের খতিয়ান তুলে ধরতে চ্যালেঞ্জ করেন বিজেপিকে। আজ সেই প্রসঙ্গেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিষেক
বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন।

বিজেপি প্রার্থীর সমর্থনে শান্তিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহ ধরে ভোট প্রচার করে চলেছেন শুভেন্দু অধিকারী। যদিও শান্তিপুর বিধানসভা উপনির্বাচনে আজ প্রচারের শেষ দিন। কিন্তু প্রচারের সময় শেষ হওয়ার আগে পর্যন্ত বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাসের সমর্থনে দফায় দফায় নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন বিরোধী দলনেতা। বুধবার দুপুরে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের সারদাপল্লীর মাঠে বিজেপির নির্বাচনী প্রচারের শেষ জনসভায় উপস্থিত হয়ে রাজ্যের শাসকদলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

জনসভায় তিনি বলেন, রাজ্যে যখন শিল্প নেই, চাকরি নেই, বেকারত্বের সংখ্যা বাড়ছে তখন পিসি ভাইপো কোটি কোটি টাকা খরচ করে রাজ্যের বাইরে যাচ্ছে সাংগঠনিক শক্তি এককাট্টা করতে। এই অর্থ আসছে কোথা থেকে, সবই তো সাধারণ মানুষের পরিশ্রমের টাকা। তাই আগামী ৩০ তারিখ নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের শান্তিপুরের ভূমিপুত্র নিরঞ্জন বিশ্বাসকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজেপিকে শক্তিশালী করুন। সভামঞ্চ থেকে আমি কথা দিয়ে গেলাম গোটা শান্তিপুর উন্নয়নে ভরিয়ে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *