দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হলে এখানকার শ্রমিকদের কাজের জন্য অন্য রাজ্যে যেতে হবে না: সৌমিত্র খাঁ

কুমারেশ রায়, আমাদের ভারত, ১১ জুন: ২০২১ সালে বিজেপি যদি বিধানসভা নির্বাচনে যেতে তাহলে দিলীপ ঘোষই যে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তা স্পষ্ট বুঝিয়ে দেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ও সাংসদ সৌমিত্র খাঁ। আজ ঘাটাল শহরের অন্নপূর্ণা আর্কেড লজে যুব মোর্চার রক্তদান শিবিরে সৌমিত্র বাবু কার্যত বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন। তিনি বলেন, রাজ্যের এত শ্রমিক বাইরে কাজ করতে যাচ্ছে শিল্প নেই বলে। যদি বিধানসভায় বিজেপি জেতে এবং দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হয় তাহলে এখানে শিল্প হবে। শ্রমিকদের অার বাইরের রাজ্যে কাজ করতে যেতে হবে না বলে দাবি করেন সৌমিত্র খাঁ।

তিনি আজ মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, শালবনিতে শিল্প করার কথা দিলেও তিনি কিছুই করেননি এবং মুখ্যমন্ত্রী ওই জায়গায় সভা করে কোটি কোটি টাকা নষ্ট করছেন বলে অভিযোগ করেন। তিনি আরো বলেন, পুলিশ দিয়ে বিজেপি নেতাদের বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, মিথ্যে মামলা দিয়ে জেলে ভরা হচ্ছে, কিন্তু দুশো কুড়ি দিন পর এই ছবি বুমেরাং হবে। তিনি বলেন, রাজ্যে যে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হয়ে যদি ভোট হয় তৃণমূলের প্রভাবশালী নেতারা জেলে যাবেন। শ্রমিক স্পেশাল ট্রেনকে মুখ্যমন্ত্রী করোনা এক্সপ্রেস বলায় তীব্র কটাক্ষ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে করোনার থেকেও ভয়ঙ্কর বলে মন্তব্য করেন সৌমিত্র বাবু।

দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী গরিবদের জন্য যে চাল আটা পাঠাচ্ছেন তা যেন তৃণমূল নেতাদের বাড়িতে না যেতে পারে তার জন্য চৌকিদারের মত নজরদারির নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *