আমাদের ভারত, ব্যারাকপুর, ২ জানুয়ারি: ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাড়ছে করোনা, বিধি না মানলে কড়া হবে প্রশাসন, করোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দক্ষিণেশ্বরে এই কথাই বললেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার।
করোনাকে নিয়ন্ত্রনে আনতে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে পুলিশ কমিশনারেটের উদ্যোগে রবিবার শুরু হল বিশেষ প্রচার। মাস্ক না পরলে আগামী দিনে প্রশাসন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও জানালেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
দেশ তথা রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা। সেই জায়গায় দাঁড়িয়েও যথেষ্ট সচেতন নয় সাধারণ মানুষ। দক্ষিণেশ্বর মন্দিরে বছরের প্রথম রবিবার নামছে মানুষের ঢল। দক্ষিণেশ্বর মন্দির কমিটি ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধানে দক্ষিণেশ্বরে আগত পুণ্যার্থীদের কোভিড সম্পর্কে সচেতন করতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণের কাজ শুরু হল।এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসি সাউথ অজয় প্রসাদ, এসিপি বেলঘড়িয়া প্রিয়ব্রত বক্সী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

আজ থেকে দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ অতিমারীর কারণে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে মাইকিং চালাচ্ছে। সেই সঙ্গে মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষের এই মাইকিংয়ের তোয়াক্কা না করেই বেশকিছু পুণ্যার্থীকে মুখে মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা গেছে।
এদিন নগরপাল মন্দিরে আগত পুণ্যার্থীদের মধ্যে মাক্স স্যানিটাইজার বিতরণ করে সচেতনতার বার্তা দেন।
এদিন পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, “সকলকে সামাজিক দূরত্ব রেখে, মাস্ক পরে যেতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে পারছে না সেই সব জায়গায় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর আগামী দিনে মানুষের মুখে মাস্ক না থাকলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনাকে নিয়ন্ত্রন করতে হলে প্রয়োজনে কঠিন হতে হবে আমাদের।”

