শ্রীরূপা চক্রবর্তী,আমাদের ভারত, ২৩ মার্চ: রাজ্যে ক্ষমতায় এলেই এক বছরের মধ্যে সুন্দরবনকে আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হবে। তৈরি হবে এইমস, মৎস্যজীবীদের বছরে ৬ হাজার টাকা অনুদান, ৩ লাখ টাকার বীমা করে দেওয়া হবে, তৈরি হবে সুন্দরবন উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার গোসাবার জনসভা থেকে এমনই একগুচ্ছ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে দক্ষিণ ২৪ পরগনায় গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশ্বাস তিনি দিয়ে গেছেন।
অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা তৈরি করা হবে। সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করতে সুন্দরবনের উন্নয়ন করা হবে। মৎস্যজীবীদের। বছরে ৬ হাজার টাকা করে অনুদান ও ৩ লক্ষ টাকার বীমা করে দেওয়া হবে। তৈরি করা হবে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র”।
অমিত শাহ দাবি করেন বিজেপি যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বাথরুম, গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। তার অভিযোগ, “গরিবের জন্য মোদী ১১৫ রকমের স্কিম করেছেন আর মমতা ১১৫টি রকমের স্ক্যাম করেছে। দিদি ২৮২ টি প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তার মধ্যে ৮২টিও পূরণ করেননি। দিদির জবাব দিন । জবাব তুমি দিতে পারবে না, তাই আপনারা ভোটবাক্সে তার জবাব দিয়ে দেবেন।’
তিনি বলেন, “সুন্দরবনের সঙ্গে দিদি অনেক অন্যায় করেছেন। মোদীজি অনেক টাকা পাঠিয়েছেন কিন্তু আপনারা সেই টাকা পাননি, সব খেয়ে নিয়েছেন ভাইপো। গোসাবা বিধানসভা কলকাতার কাছে হলেও সেখানে এখনো উন্নয়ন হয়নি।”
শাহ আশ্বাস দেন বিজেপি সরকার এলে দু’বছরের মধ্যে এলাকার পানীয় জলের সব সমস্যার সমাধান হবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প লাগু করা হবে। এছাড়াও সিএএ লাগু করে শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। কিষান সম্মান নিধিতে বকেয়া থাকায় ১৮ হাজার টাকা প্রথমেই ব্যাংকে ট্রান্সফার করে দেওয়া হবে। তারপর থেকে নিয়মিত কৃষকদের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। বিধবা ভাতা এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে।

