আমাদের ভারত, ২১ এপ্রিল:
গ্রামের একটি বাড়িতে পুজোর প্রসাদ খেতে গেলে গ্রামের মানুষকে ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে, এমনই ফতোয়া জারি করা হয়েছে গ্রাম কমিটির তরফ থেকে। এই ঘটনায় প্রতিবাদে শামিল হয়েছে গ্রামের বাসিন্দারা। তুমুল বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনায়। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু’নম্বর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের খড়িকা পাটনা গ্রামের ঘটনা। এই ঘটনায় খাপ পঞ্চায়েতের ছায়া দেখছেন অনেকে।
স্থানীয়সূত্রে খবর, খড়িকা পাটনা গ্রামের বাসিন্দা তপন বিশাইয়ের বাড়িতে একটি পারিবারিক পুজ ছিল। সেই পুজো উপলক্ষে ভোগ বিতরণের আয়োজন করে। স্থানীয় বাসিন্দাদের ওই পুজোতে আসার নিমন্ত্রণ জানানো হয়। তবে এই পুজোয় খাওয়ানোর জন্য গ্রাম কমিটির থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে গ্রাম কমিটি দাবি করেছে। আর সেই অভিযোগ তুলেই গ্রাম কমিটির তরফ থেকে ফতোয়া জারি করে দেওয়া হয়, যে ওই অনুষ্ঠানে যাওয়া যাবে না। গ্রাম কমিটির আদেশ যদি কেউ অমান্য করে তাহলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই পরিবার বিচার চেয়ে প্রতিবাদ করতে শুরু করে। বুধবার বিকেল নাগাদ গ্রামের মন্দিরের সামনে পূজার যাবতীয় ভোগের প্রসাদ নিয়ে বসে পড়ে ওই পরিবারের সদস্যরা। কিছুক্ষণ পরেই তাদের সঙ্গে প্রতিবাদে সামিল হন গ্রামের মানুষরা। এইরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পটাশপুর থানার খবর দেওয়া হয়।
ছুটে আসেন পটাশপুর এর বিডিও শঙ্কু বিশ্বাস ও পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী। ঘটনায় ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।

