আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ মার্চ: ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী আবাসনে ৩ জনের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়।
ফ্যাক্টরির অন্তর্গত পার্ক এলাকায় ফ্যাক্টরির কর্মী আবাসনে বসবাস করেন তৃষা দাস ও তার পরিবার। বুধবার সকালে হঠাৎ করে কোনো ভাবে তৃষা দাসের গায়ে আগুন লেগে যায়। তিনি চিৎকার করলে ঘটনাস্থলে ছুটে যান তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা। তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন রাজা দাস ও রাজ কুমার দাস নামে দুই যুবক।
পার্ক এলাকার আবাসনগুলো একটার থেকে অন্যটা বেশ কিছুটা দূরে দূরে তৈরি বলে আশপাশে বাসিন্দারা ঘটনা টের পেয়ে তাদের আসতে বেশ কিছুটা সময় লেগে যায়। তারা এসে ৩ জনকে উদ্ধার করে অর্ডিন্যানস ফ্যাক্টরি হাসপাতালে নিয়ে যায়। এই তিন জনের মধ্যে তৃষা দাস ৭৫ শতাংশ অগ্নিদগ্ধ হওয়ায় তার অবস্থার অবনতি লক্ষ্য করেন চিকিৎসকরা। এরপর তিন জনকে প্রাথমিক চিকিৎসা পর তৃষা দাস সহ আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় কামারহাটি সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিন জন সাগর দত্ত হাসপাতাল চিকিৎসাধীন।
এই ঘটনায় আশপাশের আবাসনের বাসিন্দারাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে কি ভাবে এই আগুন লেগেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

