স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইছাপুরের মধ্যবয়স্ক বাসিন্দা

আমাদের ভারত, ব্যারাকপুর, ২০ মার্চ :
স্বাস্থ্য সাথী কার্ডের জন্য প্রাণ ফিরে পেলেন উত্তর ২৪ পরগনার উত্তর ব্যারাকপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বছর ৫৫ র প্রণব নস্কর। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে কলকাতার বি পি পোদ্দার হাসপাতালে প্রায় ২ লক্ষ টাকার ওপেন হার্ট সার্জারি সম্পূর্ণ বিনামূল্যে করে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন প্রণববাবু।

গত ১০ ফেব্রুয়ারি এই অপারেশন হয়েছে প্রণব নস্করের, চিকিৎসকরা ১৪ ফেব্রয়ারি তাঁকে ছুটি দিয়ে দেন। এমনকি বাড়ি ফেরার সময় ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ ২০০ টাকা প্রণববাবুর হাতে ধরিয়ে দেয়। ফলে স্বাস্থ্য সাথী কার্ডের পরিষেবা পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রণব নস্করের পরিবারের সদস্যরা।

দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন প্রণববাবু। বিভিন্ন ওষুধের দোকানে এক সময় ওষুধ সরবরাহের কাজ করতেন। তাওকর ওপেন হার্ট সার্জারি করতে ২ লক্ষ টাকা খরচ ছিল, সেই টাকা জোগাড় করা প্রণববাবুর পক্ষে সম্ভব ছিল না। এই অবস্থায় স্বাস্থ্য সাথী কার্ড নতুন জীবন দান করেছে প্রণব নস্করকে। অসুস্থ প্রণব নস্করকে চিকিৎসকরা বলেছিলেন ওপেন হার্ট সার্জারি করলে সুস্থ হয়ে উঠবেন তিনি। প্রণববাবুর স্ত্রী কেয়া নস্কর স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করতেন। সেই সুবাদে তিনি স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছিলেন। সেই কার্ডের মাধ্যমে চিকিৎসা শুরু হয়। গত ৩ ফেব্রুয়ারি বি পি পোদ্দার হাসপাতালে ভর্তি হন প্রণব নস্কর। ১০ ফেব্রুয়ারি তাঁর ওপেন হার্ট সার্জারি হয়, ১৪ ফেব্রুয়ারি তিনি ছুটি পান হাসপাতাল থেকে।

এখন অনেকটাই সুস্থ প্রণব নস্কর। তাঁর আবেদন, “আমি দিদির স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে জীবন ফিরে পেয়েছি। তবে শারীরিক অবস্থার কারণে কাজ করতে অক্ষম হয়ে গেছি। আমার স্ত্রী ইছাপুরে একটি স্কুলে চুক্তি ভিত্তিতে গার্ডের কাজ করে। আমার পরিবারকে যদি অর্থনৈতিক ভাবে সহায়তা করা হয়, তবে আমাদের সংসার চালাতে সুবিধা হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *