“পুলিশকে বলব আধ ঘণ্টা সময় দিন, দেখবেন কেমন খেলা হবে কেশপুরে”

জে মাহাতো, আমাদের ভারত, ৬ জুন: কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুর বাজার এলাকায় মিছিলের আয়োজন করা হয়।

মিছিল শেষে পথসভায় বেফাঁস মন্তব্য করে বসলেন সাংগঠনিক জেলা তৃণমূল সম্পাদক মোহাম্মদ রফিক। কোনও দলের নাম না করে তিনি বলেন, কেশপুরে কিছু ঘেউ ঘেউ পার্টি আছে। কেশপুর থানার পুলিশ ও আনন্দপুর থানার পুলিশদের বলব আধঘন্টা আপনারা থানায় থাকুন, একটু এসি এবং ফ্যানের বাতাস খান, আমাদের একটু সময় দেন খেলতে, দেখবেন কেমন খেলা হবে কেশপুরের মাটিতে। সেই খেলা দেখাতে আমাদের আধ ঘণ্টার বেশি সময় লাগবে না।

ওই মঞ্চে উপস্থিত ছিলেন কেশপুরের বিধায়ক তথা মন্ত্রী শিউলি শাহা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আসিস হুদাইত, ব্লক তৃণমূল সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি সহ ব্লকের অন্যান্য নেতা কর্মীরা। রফিক এর এই বক্তব্যে জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।  বিরোধীরা তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *