উৎসবের সময়ে বিধানসভায় আসব না, সোমবার স্পষ্ট বার্তা শুভেন্দুর

রাজেন রায়, কলকাতা, ১ নভেম্বর: সামনেই ধনতেরাস আর তারপরই দীপাবলি। উৎসবের দিনে বাংলার প্রতিটি মানুষের পাশে থাকার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আর এর মধ্যেই বিধানসভায় শুরু হয়েছে অধিবেশন। কিন্তু এই সময় বিধানসভা অধিবেশন নয় বরং রাজ্যের মানুষের পাশে থাকা প্রয়োজন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক সম্মেলনে সাফ জানিয়ে দেন যে উৎসবের মধ্যে বিধানসভা অধিবেশনে আসবেন না তিনি।

অধিবেশনে না এসে তাঁরা যাবেন কোথায়? এই নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, “উৎসবের দিনগুলিতে আমরা মানুষের পাশে থাকব। লক্ষ্মীপুজো, ধনতেরাস, কালীপুজো, দীপাবলী, ছটপুজো, গরুকুটাই, জগদ্ধাত্রী পুজোর সময় আমরা এলাকায় থাকব। উৎসব পালন করব। উৎসব সংঘটিত করব। মানুষের সঙ্গে থাকব।”

সোমবার থেকে বিধানসভার অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। তাহলে কি একেবারেই এই অধিবেশনে থাকবে না বিজেপি? শুভেন্দু জানিয়েছেন, সরকার পক্ষ যদি অধিবেশন চালান তাহলে ১৬,১৭ ও ১৮ নভেম্বর বিধানসভায় যাব। এর পাশাপাশি শুভেন্দু আরও বলেন যে, সোমবার শোক প্রস্তাবের আগে তাঁরা বিধানসভার অধ্যক্ষের কাছে মেল করেছিলেন। তিনি বলেন, “ওই মেলে বলেছিলাম, আমরা বাঙালি। আমাদের সবচেয়ে বড় উৎসব হল দুর্গাপুজো। এই পুজো করতে গিয়ে বাংলাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের নাম শোক প্রস্তাবে রাখতে হবে কিন্তু তা রাখা হয়নি। এর প্রতিবাদে বিধানসভার বাইরে মিছিল করেছি। এই সরকার জগদ্ধাত্রী পুজোর দিন অধিবেশন রেখেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *