প্রতীতি ঘোষ, আমাদের ভারত, ব্যারাকপুর, ২৩ অক্টোবর : তৃণমূল এখন সর্বভারতীয় দল হয়ে গেছে। আগামী দিনে গোয়া, ত্রিপুরা, মেঘালয়ে তৃণমূল তার সংগঠন বাড়াবে। তাদের লক্ষ্য বিজেপিকে কেন্দ্রের ক্ষমতা থেকে সরানো। খড়দায় দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে এসে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
৩০ অক্টোবর চার রাজ্যের কেন্দ্রে উপনির্বাচন। আর পুজোর পরেই নির্বাচনী প্রচারে নেমে পড়লেন পুরোদমে। আজ খড়দহে তৃণমূলের মনোনীত প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।উপনির্বাচনী প্রচারে গিয়ে ৪-০ করার আবেদন অভিষেকের। খড়দহ উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আজকের তৃণমূল আগের মত নেই আমরা সর্ব ভারতীয় দল হয়ে গেছি, আমরা গোয়াতেও ঢুকেছি, ত্রিপুরাতেও ঢুকেছি, এবার মেঘলয় আর উত্তর প্রদেশেও ঢুকবো। এই বাংলায় ভারতবর্ষকে পথ দেখাবে। বিজেপি কে গদি ছাড়া করবে।” তিনি এদিনের সভা থেকে তৃণমূল কর্মীদের আশ্বস্ত করে বলেন, গদ্দারদের আর দলে ঢোকাবেন না৷ খড়দহের সভা থেকে নেত্রীর কাছে কাতর আর্জি জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে তিনি জানিয়ে দেন, যাঁরা ইতিমধ্যে দলে ঢুকেছেন, তাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে৷

