আমাদের ভারত, ১৫ আগস্ট:
হাতে গোনা কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের পরে তিনিই আবারও সরকার গড়বেন। ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে বলিষ্ঠভাবেই দাবি করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। তাঁর কথায় যেসব প্রকল্পের শিলান্যাস তিনি করেছেন সেই সব প্রকল্পের উদ্বোধন তিনিই করবেন। অর্থাৎ তার স্পষ্ট বার্তা আগামী নির্বাচনে ফের দিল্লির মসনদ থাকবে তাঁর দখলেই।
মোদী বলেন, “আগামী পাঁচ বছরে ভারত বিশ্বের অর্থনীতিতে তৃতীয় স্থানে উঠে আসবে। এই ভারত হারতে জানে না। তিনি বলেন, আমরা অনেক বড় এবং অনেক দূরের স্বপ্ন দেখি। আমরা শুধু স্বপ্ন দেখি না, স্বপ্নপূরণের জন্য কাজ করি। যেসব প্রকল্পের শিলান্যাস করেছি, সেই সমস্ত প্রকল্পের উদ্বোধন আমিই করব।”
আগামী বছরই লালকেল্লা থেকে ফের স্বাধীনতা দিবসে ভাষণ দেওয়ারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “দেশের উপলব্ধি, দেশের সংকল্প, গৌরবের কথা আপনাদের সামনে প্রস্তুত করব।” প্রধানমন্ত্রী বলেন, জনগণের জন্যই তিনি বেঁচে রয়েছেন, জনগণের জন্যই স্বপ্ন দেখেন। জনগণের জন্যই পরিশ্রম করেন। তাঁর কথায়, দেশবাসী দায়িত্ব দেওয়ার জন্যেই তিনি এটা করেন না, তিনি দেশবাসীকে পরিবার ভাবেন তাই এটা করেন। দেশবাসীর স্বপ্ন পূরণের জন্য সেবক, দারোয়ান হয়ে থাকতে চান বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী।
তিনি বলেন, “আজ লালকেল্লা থেকে আপনাদের আশীর্বাদ নিতে এসেছি। গত কয়েক বছরে দেশকে যা বুঝেছি তার থেকে বলছি, আজ স্বাধীনতার অমৃত কালে আমাদের শপথ নিতে হবে ১০০ বছর স্বাধীনতা দিবস উদযাপনের সময় আমাদের দেশ বিশ্ব ভারত হবে।”
নিজের সরকারের কাজের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রয়োজন একটি মজবুত সরকার, যেটা বর্তমানে রয়েছে। আজ দেশের এমন এক সরকার রয়েছে যে সরকারের প্রতিমুহূর্তে দেশের উন্নয়নে জনগণের কথা চিন্তা করে। এই সরকারের একটাই দিশা, প্রথমে দেশ। ২০১৪ ২০১৯- এ আপনি এমন একটি সরকার গড়েছিলেন, যে আমার সংস্কার করার সাহস রয়েছে এবং একের পর এক সংস্কার করেছি। বর্তমানে সংস্কার করে দেশ গড়ে তোলা হয়েছে। আগামী হাজার বছরের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার মানসিকতা আমাদের রয়েছে। যদিও সংস্কার করার জন্য বিরোধিতার মুখে পড়তে হয়েছে।
তিনি বলেন, ভারত আধুনিকতার দিকে এগোচ্ছে। দেশের উত্থান ও উন্নয়নের ফলে ভারতের প্রতি গোটা বিশ্বের আস্থা হয়েছে। আজ আমরা যাই করি না কেন, আগামী ১ হাজার বছরের জন্য দেশের ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।

