Kalyan, TMC, আপনার দাদাগিরি খতম করে দেব অমিত শাহ, ৪মে আপনাকে সবুজ আবির মাখাবো: কল্যাণ বন্দোপাধ্যায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ মে: “আপনার দাদাগিরি খতম করে দেব অমিত শাহ। ৪ঠা মে আপনাকে সবুজ আবির মাখাবো। এটা আমার ইচ্ছা।” গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার তৃণমূল ভবন চত্বরে দলীয় কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে কড়া মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন ওই দলীয় কর্মিসভাতেই শুভেন্দু অধিকারীকেও তীব্র আক্রমণ করেন তিনি। শুভেন্দু অধিকারীকে ‘কাঁথির ষাঁড়’ বলে কটাক্ষ করে বলেন, যে যত বড় চোর- ডাকাত, সে বিজেপির তত বড় নেতা। রাজ্যের রাজনীতিবিদদের মধ্যে সব থেকে বেশি টাকা কামিয়েছে শুভেন্দু। এবার শুভেন্দু ভবানীপুরেও হারবে আবার নন্দীগ্রামেও হারবে। তাঁর বক্তব্যে দলীয় নেতা, কর্মী ও সমর্থকদের উৎসাহ আর করতালি দেখে তিনি আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যারা বিরোধী দলনেতা হয়েছেন তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এবারও তার পুনরাবৃত্তি হবে। এবার শুভেন্দুর হার নিশ্চিত। শুভেন্দু হারবে, তারপর মিউনিসিপ্যালিটির নিচে আনাজ বিক্রি করতে হবে।

অন্যদিকে কল্যাণ বন্দোপাধ্যায়ের এই মন্তব্যে বিজেপিও চুপ করে নেই। কল্যাণের বক্তব্য প্রসঙ্গে বাঁকুড়ার বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা বলেন, যার শিক্ষা যেমন তার ভাষা তেমনই হয়ে থাকে। তৃণমূলীরা এই ভাষাতেই কথা বলেন। যে যত বেশি শিষ্টাচার ছাড়িয়ে কথা বলবে সে তৃণমূলের তত বড় নেতা। তিনি আরও বলেন, এদের কথা যারা শুনবেন তারাও এদের মতো পাগল হয়ে যাবেন। এদের কখনও সুস্থভাবে কথা বলতে দেখেছেন? কোথায় অমিত শাহ, আর কোথায় কল্যাণ ব্যানার্জি! কোথায় হিমালয় পর্বত আর কোথায় ফুটপাত! অনেক তফাৎ। কল্যানকে কেউ সুস্থ মানসিকতার মানুষ বলে মনে করেন না। ও একটা জোকার, পাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *