“বড় কাজের আগে পরমাণু বোমা ফেলব,” কোন পরমাণু বোমার কথা বললেন সুকান্ত মজুমদার?

শ্রীরূপা চক্রবর্তী
আমাদের ভারত, ৪ জুলাই: বড় কাজের আগে সময় মতো পরমাণু বোমা ব্যবহার করব। হ্যাঁ এমনটাই বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পরমাণু বোমা বলতে ঠিক কি বলতে চাইলেন বঙ্গ বিজেপির নেতা? তাঁর কথায় পরমাণু বোমা আর কেউ নন, সেটা হলেন তাদের স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী।

বঙ্গ রাজনীতিতে কামব্যাক হলো মিঠুন চক্রবর্তীর। রাজনীতির ময়দানে ফিরে আবারো সুপারহিট মহাগুরু। সোমবারই বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন মিঠুন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, “আমি রাজনীতি করি না, আমি মানুষ নীতি করি, বাংলার মানুষের জন্য কাজ করতে চাই এবং সেটা করব।” সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে কিছু কাজ দিয়েছেন সেটা তিনি করবেন।

এই স্টার ক্যাম্পনারকে দিয়ে ফের ঝড় তোলার প্রস্তুতি শুরু করে দিল পদ্ম শিবির। বিজেপি রাজ্য সভাপতির কাছে প্রশ্ন ছিল মিঠুন চক্রবর্তী কি আবার বিজেপির প্রচারকের ভূমিকায় ফিরছেন? সুকান্ত মজুমদার বলেন, অবশ্যই তিনি আমাদের স্টার ক্যাম্পেনার। তিনি দলের হয়ে প্রচার করবেন তো বটেই। তারপরই তিনি বলেন, মিঠুন চক্রবর্তী তো পরমাণু বোমা, ফলে সঠিক সময় বড় কাজের আগে সেই বোমা ব্যবহার করা হবে।

তাহলে কি ২৪ এর নির্বাচনকে লক্ষ্য রেখেই এই পরমাণু বোমা ব্যবহার করবে বঙ্গ বিজেপি? তাতে সুকান্ত মজুমদার বলেন, আবশ্যই বড় কাজের আগে তিনি মাঠে তো নামবেনই।

কানাঘুষো শোনা যাচ্ছিল রূপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ করা হবে। যদিও এপ্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান, মিঠুন চক্রবর্তী আগেই বলেছেন তিনি দলের কর্মী হিসেবেই থাকতে চান। তাঁর সাংসদ বা বিধায়ক হবার কোনো ইচ্ছে নেই।

সোমবার রাজ্য বিজেপি দপ্তরে তাঁকে স্বাগত জানান, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, রুদ্রনীল ঘোষের মতো পদ্ম শিবিরের একাধিক নেতা। অসুস্থতা কাটিয়ে মহাগুরুর এই প্রত্যাবর্তনকে বঙ্গ বিজেপি মানুষকে উজ্জীবিত করার কাজে লাগাতে চলছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *