“এই রাজ্যে ক্ষমতায় এসে কংগ্রেস বামপন্থী ও টিএমসিদেরও সুরক্ষা দেব”, প্রতিশ্রুতি রাজনাথ সিং’য়ের

সাথী দাস, পুরুলিয়া, ২৫ মার্চ: “শুধু ভাজপা নয় ক্ষমতায় এসে রাজ্যে কংগ্রেস বামপন্থী ও টিএমসিদেরও সুরক্ষা দেব। সুরক্ষার পাকা গ্যারেন্টি রাজ্যবাসীকে দেব।” এই ভাবেই জনসভায় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী নরহরি মাহাতোর সমর্থনে জনসভা করেন তিনি। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনেন তিনি। বলেন, “টেলিভিশনে দেখাচ্ছে বাংলায় বোমা তৈরি হচ্ছে। তাহলে এখানে বিক্রি করার জন্য বোমা তৈরি হয়। এক রাজনৈতিক দলের উপর আরেক দল বোমা ছুঁড়ে। আমি যখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলাম বোমা প্রস্তুতকারীদের কঠোর হাতে মোকাবিলা করেছি। আর এখানে অবাধে বোমা তৈরি হচ্ছে। আমাদের ১৫০ জন কার্যকর্তা খুন হয়েছে এই রাজ্যে। এর জন্য তো রাজ্য সরকার দায়ী।”

সরাসরি তৃণমূল সুপ্রিমোকে অভিযুক্ত করে প্রশ্ন তুলে রাজনাথ বলেন, “আপনি সমাজ বিচ্ছিন্ন করে বাংলার উন্নতি করতে চান? কোনও সমাজকে প্রশ্রয়, কাউকে দমিয়ে রাখা? এটা আর চলবে না।” তিনি দাবি করে বলেন, “ভারতীয় জনতা পার্টির হয়েও বলছি হিন্দু হোক মুসলিম হোক আমরা বিভেদ করব না। কিন্তু যে অন্যায় অত্যাচার করবে চরম শাস্তির ব্যবস্থা করব, তা যেই হোক না কেন। আমরা পক্ষপাতিত্ব করি না, জাতপাত নিয়ে রাজনীতি করি না।” এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে উন্নয়নের বাধার অসহযোগিতার অভিযোগ এনে কঠোর সমালোচনা করেন তিনি। 

জয়পুরের আরবিবি হাই স্কুল মাঠে আয়োজিত ওই সভায় নির্ধারিত সময়ের থেকে দুই ঘন্টা দেরিতে পৌঁছান রাজনাথ। সভা মঞ্চে এর জন্য ক্ষমা প্রার্থনা করে জানান, এরোপ্লেন খারাপ হওয়ার কারণে দিল্লি থেকে দেরিতে রওনা দেন। সমাবেশে আপ্লুত এই রাজনৈতিক বলেন, “আবার এই মাটিতে আসব, আমার শ্রদ্ধা জানাতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *