“কাবুলে আতঙ্কে ছিলাম, কাতারে যাওয়ার পর নিজেকে অনেকটা স্বাভাবিক মনে হচ্ছিল”, বললেন কাবুল ফেরত তাহেরপুরের বাসিন্দা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ আগস্ট: কাবুলে ব্যাপক আতঙ্কের মধ্যে দিন কাটছিল, যখন কাবুল থেকে কাতারে নিয়ে আসা হল তখন নিজেকে অনেকটাই স্বাভাবিক বলে মনে হচ্ছিল। নদিয়ার তাহেরপুরে নিজের বাড়িতে ফিরে এসে চোখে মুখে চাপা আতঙ্ক নিয়ে বললেন তাপস কুন্ডু।

উল্লেখ্য, আফগানিস্তান এখন তালিবানদের দখলে। আফগানিস্তানের একাধিক নাগরিক ভয়ে আতঙ্কে দেশ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভারতবর্ষের বহু মানুষ আফগানিস্তানে কাজ করেন। নদিয়ার তাহেরপুরের বাসিন্দা তাপস কুন্ডু দীর্ঘ উনিশ বছর ধরে আফগানিস্তানে রয়েছেন। সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন তিনি। নিম্নবিত্ত পরিবারের হওয়ায় সংসার চালানোর তাগিদে জীবনের বেশিরভাগ সময় আফগানিস্তানে কাটাতে হয়েছে তাকে। বেশ কয়েকবার নিজের বাড়িতে এসেছেন। কিন্তু এবারের বাড়ি ফেরা পুরোটাই আলাদা। চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ।

তাপস কুন্ডু বলেন, যতক্ষণ কাবুলে ছিলাম নিজের জীবনের ওপর আর ভরসা রাখতে পারছিলাম না। যখন আমাদের কাবুল থেকে কাতারের নিয়ে যাওয়া হল তখন নিজেকে অনেকটা স্বাভাবিক বলে মনে হচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *