রাজেন রায়, কলকাতা, ২১ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের আগে তৃণমূলের নতুন রি-ব্র্যান্ডিং ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’এই শ্লোগান দিয়ে ১০ বছরে তৃণমূলের সুশাসনের কথা তুলে ধরা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় মহিলাদের জন্য বেশি নিরাপদ, তা তৃণমূলের তরফে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর তার জবাবে এবার পাল্টা ভিডিও তৈরি করল সিপিএম। যার মূল মন্ত্র, ‘১০ বছরের রিপোর্ট কার্ডে আমার কথা ছিল না’, ‘আমার নাম কামদুনি’, ‘আমি সুঁটিয়া’।
কী আছে ভিডিয়োটিতে? ভিডিয়োটি শুরুতে জলপ্রপাত, স্লোগান, আগুন, প্রতিবাদ, পুলিশের সঙ্গে সংঘর্ষ। তারপর পুরো স্ক্রিনটি ভেঙ্গে চুরমার হয়ে যায়। আগুনের প্রেক্ষাপটে একটি চেয়ার দেখা যায়। এর পরই পর পর কতগুলি লেখা ওঠে পর্দা জুড়ে– যেমন, ‘আপনার ১০ বছরের রিপোর্ট কার্ডে আমার কথা ছিল না’, ‘আমার নাম কামদুনি’, ‘আমি সুটিয়া’ ইত্যাদি।
তারপর ধীরে ধীরে নিজেদের স্বপ্ন, বাঁচার অধিকারকে যে আগুনে পুড়িয়ে দেয়, তার প্রতি কঠিন জবাব প্রস্তুত হয়ে ধ্বনিত হয় মেয়েদের রাগী কণ্ঠ। মেয়েদের বঞ্চনার শাস্তির দাবি ওঠে, ধর্ষকের শাস্তির দাবি ওঠে। গা আড়াল দিয়ে মুখ লুকিয়ে থাকার প্রতি তীব্র বিক্ষোভ উঠে আসে অগণিত নারীকণ্ঠ থেকে এবং একেবারে শেষে এসে পর্দায় লেখা ওঠে ‘আপনার কনভয়ের সামনে এখন আমরা/মুখোমুখি সামনাসামনি’।

