আমাদের ভারত, ১৯ জুন: অগ্নিপথের মাধ্যমে সেনায় যোগ দেওয়ার আগে অগ্নিবীরদের নিজেদের আচরণের অগ্নি পরীক্ষা দিতে হবে। লিখিত আকারে জানাতে হবে, তারা কোনো বিক্ষোভে অংশ নেয়নি। কোনো রকম তাণ্ডবের সঙ্গে তাদের নাম জড়িত ছিল না। সেই বক্তব্য পুলিশে যাচাই হলে তবে আগামী চার বছরের জন্য সেনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন অগ্নিবীররা, আর তা না হলে নয়।
রবিবার একটি সাংবাদিক বৈঠকে কোন প্রক্রিয়ায় অগ্নিপথে নিয়োগ হবে সে প্রসঙ্গে বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রকের সেনা বিভাগের শীর্ষকর্তা লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী প্রথমেই স্পষ্ট করে দেন, দেশের বিক্ষোভকারীরা, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সেনাবাহিনীতে স্থান নেই। যারা অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীতে নিযুক্ত হতে চান তাদের লিখিত দিতে হবে, যে তারা কখনো কোনো বিক্ষোভে অংশগ্রহণ করেননি। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, অগ্নিবীরদের অবশ্যই পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়েও যেতে হবে। গতকাল বিক্ষোভকারীদের এই পুলিশ ভেরিফিকেশন নিয়েই সতর্ক করেছিলেন বায়ুসেনা প্রধান।
এদিকে সেনা কর্তারা যখন এই ঘোষণা করেছেন, তখনও অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে উত্তাল বিক্ষোভ চলছে। এই প্রকল্পের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নেমেছে দেশের একটা অংশের তরুণ সমাজ। তাদের অভিযোগ, এই প্রকল্প দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের নিশ্চয়তা না দিয়েই যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছে। কিন্তু সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা জানিয়ে দিয়েছেন, যাই ঘটুক না কেন তারা কোনোভাবেই অগ্নিপথ থেকে পিছনে সরে আসবেন না। কোনোভাবেই এই প্রকল্প প্রত্যাহার করা হবে না। বরং কিভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কবে অনলাইন পরীক্ষা হবে তা বিশদে ঘোষণা করেছে লেফটেন্যান্ট জেনারেল।

