নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২০ ফেব্রুয়ারি: আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে ফাঁসিয়েছে বিজেপি নেতা রাকেশ সিং। আলিপুর আদালতে দাঁড়িয়ে বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তারপরে তিনি তাঁর মামলায় সিআইডি তদন্তের দাবি তুললেন।
প্রসঙ্গত, গতকাল নিউ আলিপুর থানা মাদক কাণ্ডে গ্রেফতার করেছে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীকে। পুলিশের অভিযোগ, তার কাছ থেকে কোকেন পাওয়া গিয়েছে। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেড়িয়ে পুলিশের সামনে তিনি অভিযোগ করেন, আমি সম্পূর্ণ নির্দোষ। আমাকে দলের মধ্যেই হেনস্থা করার জন্য রাকেশ সিং ফাঁসিয়েছে। আমার ঘটনায় আমি নিরপেক্ষ তদন্ত চাই। তার জন্য সরাসরি তিনি সিআইডি তদন্তের দাবি তুললেন।
দলে রাকেশ সিং কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ। তাই রাকেশ সিংয়ের বিরুদ্ধে দলের নেত্রী প্রশ্ন তুলতেই বিজেপির মধ্যে শোরগোল শুরু হয়ে গিয়েছে। গতকাল পুলিশের হাতে পামেলা গোস্বামী গ্রেপ্তার হতেই দলের ভাবমূর্তিতে ধাক্কা লেগেছিল। আর আজ রাকেশ সিংয়ের নাম উঠে আসতেই এই ঘটনায় বিজেপি নেতারা সবাই অস্বস্তিতে। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।
উল্টোদিকে পামেলা গোস্বামীকে ফাঁসানোর জন্য তার মা রাকেশ সিং’কে দায়ী করেছেন। আলিপুর আদালতে তিনি জানিয়েছেন, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি। কোকেন কোনও দিন চোখেই দেখিনি। আমার মেয়েকে রাজনীতিতে হেনস্তা করতেই তাকে ফাঁসানো হয়েছে বলে বিস্ফোরক দাবি করলেন পামেলা গোস্বামীর মা।

