আমাদের ভারত, ব্যারাকপুর, ২৮ আগস্ট: ভাই স্বপনের অসমাপ্ত কাজ সম্পন্ন করে দলনেত্রীর অনুপ্রেরনায় পানিহাটির উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে চাই, শুক্রবার পানিহাটি পুরসভায় প্রশাসক পদে দ্বায়িত্ব বুঝে নিয়ে প্রতিক্রিয়া বিধায়ক নির্মল ঘোষের।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগেই জানানো হয়েছিল পানিহাটি পুরসভার দ্বায়িত্ব সামলাতে হবে বিধায়ক নির্মল ঘোষকে। শুক্রবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে পানিহাটি পুরসভায় এসে আনুষ্ঠানিক ভাবে পানিহাটি পুরসভার প্রশাসক হিসেবে দ্বায়িত্ব বুঝে নিলেন নির্মলবাবু। এদিন থেকেই ফের নতুন উদ্যমে কাজ শুরু হল পানিহাটি পুরসভার। এদিন পুরসভার বিশেষ অধিবেশন কক্ষে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরদের সঙ্গে পানিহাটির উন্নয়ন নিয়ে বৈঠক করেন নির্মলবাবু । একদিকে বিশ্ব জুড়ে চলছে করোনা অতিমারি, অন্যদিকে সামনেই বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব। এই পরিস্থিতিতে পানিহাটির উন্নয়নের দ্বায়িত্ব তাঁর কাঁধে, সেটা ভালো করেই জানেন নির্মলবাবু।

নিজের নতুন দ্বায়িত্ব নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভাই স্বপনের অসমাপ্ত কাজগুলোকে প্রাথমিক গুরুত্ব দিয়ে সম্পন্ন করব। সামনেই দুর্গোৎসব, সেই কারনে গোটা পানিহাটি শহর জুড়ে নিকাশি থেকে আলো, রাস্তা সব কিছুরই সার্বিক উন্নয়ন করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরনায় পানিহাটি পুরসভা এলাকার সার্বিক উন্নয়ন ঘটবে।”

