“সবাইকে ফ্রি-তে ভ্যাকসিন দিতে চাই”, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের আগে রাজ্যবাসীর মন জয়ে মোক্ষম চাল দিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদীকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্য সরকার চাইছে অগ্রাধিকারের ভিত্তিতে সবাইকে ভ্যাকসিন দিতে। কোথা থেকে ভ্যাকসিন কিনতে পাওয়া যাবে, অর্থাৎ রাজ্য সরকার কোথা থেকে ভ্যাকসিন সংগ্রহ করবে তা যেন কেন্দ্র দ্রুত রাজ্যকে জানায়। যাতে রাজ্য সরকার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া শুরু করতে পারে।

প্রথম দু’দফায় স্বাস্থ্যকর্মী ও পুলিশ কর্মীদের ভ্যাকসিন দেওয়ার পর এবার ১ মার্চ থেকে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে বলে মঙ্গলবারই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে জানানো হয়েছে, ৪৫ বছর পর্যন্ত কোনও রােগীর শরীরে কোমরবিডিটি থাকলে তাকেও ভ্যাকসিন দেওয়া হবে। তবে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিতে ভ্যাকসিন মিললেও তা বিনামূল্যে মিলবে না। তাই রাজ্য সরকার বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দিলে তা যে ভোটবাক্সে প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

তবে আলাদা করে কোনও রাজ্যকে সেরাম ইনস্টিটিউট বা ভারত বায়ােটেকের থেকে টিকা কেনা বা সংগ্রহের অনুমতি এখনও কেন্দ্র দেয়নি। কারণ, তাহলে রাজ্যগুলির মধ্যে প্রতিযােগিতা ও টানাটানি শুরু হয়ে যাবে। তাই ধাপে ধাপে টিকাকরণের পথেই হাঁটছে কেন্দ্র।
পর্যবেক্ষকদের একাংশের কথায়, নবান্নও জানে যে রাজ্য চাইলেই কেন্দ্র এখন পশ্চিমবঙ্গকে স্পেশাল ট্রিটমেন্ট দিয়ে টিকা দিতে পারবে না। কিন্তু তা জেনেও চিঠি লেখা হয়েছে। যাতে ভােটের সময়ে বলা যায়, আমরা ফ্রিতে টিকা দিতে চেয়েছিলাম, কিন্তু কেন্দ্রই টিকা দেয়নি। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুমতি দিন বা না দিন, দু’ক্ষেত্রেই ভোটপ্রচারে লাভ রাজ্য সরকারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *