সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ জানুয়ারি: চাই পাকা রাস্তা, না হলে ভোট বয়কট, গ্রামবাসীদের জোরালো আন্দোলনে অস্বস্তিতে পড়েছিল শাসক দল। অবশেষে খবরের জেরে শুরু হল রাস্তার কাজ। দিন কয়েক আগে খবরের মধ্যমে তুলে ধরা হয়েছিল উত্তর ২৪ পরগনার সিন্দ্রাণী থেকে বগুলার চার কিলো মিটার রাস্তার কথা।

গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দশ বছর ধরে বেহাল রাস্তা। প্রতিদিনই দুর্ঘটনার শিকার হয় সাধারণ গ্রামবাসী। পঞ্চায়েত বিডিওকে জানিয়েও কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে গ্রামের মানুষ এক হয়ে জানিয়েছিল চাই পাকা রাস্তা, না হলে ভোট বয়কট। এই নিয়ে ভোট বয়কটের ব্যানারও লাগিয়েছিল গ্রামের মানুষ। সামনেই পঞ্চায়েত ভোট। ভোট চাইতে এলাকায় ঢুকতে পারছিল না নেতারা।
বিজেপি জানিয়েছিল, পঞ্চায়েত তাদের দখলে এলেই এই রাস্তা করা হবে। তারপরই নড়েচর বসে শাসক দল। অবশেষে মঙ্গলবার বেলা ১২ টা থেকে রাস্তার কাজ শুরু হল বলে জানালেন বাগদার বিধায়ক বিশ্বজিত দাস।

বিশ্বজিতবাবু বলেন, পঞ্চায়েতের সাড়ে ১২ লক্ষ টাকা এবং বিধায়ক তহবিল থেকে ১০ লক্ষ টাকা দিয়ে এই কাজ শুরু হয়েছে৷ আগামীতে আরও টাকা লাগলে তা দেওয়া হবে।
বিজেপির অভিযোগ, এই রাস্তা সম্পূর্ণ তৈরি করতে প্রায় ৬০– ৭০ লক্ষ টাকার উপর ব্যয় করতে হবে, সেখানে ২২ লক্ষ টাকায় কি হবে? বিধায়কের তহবিল থেকে ১০ লক্ষ টাকা দিয়ে বরাই করার কিছু নেই, কারণ তিনি বিজেপির ভোটে জিতে বিধায়ক হয়েছেন। যদিও চরিত্র পাল্টে এখন তিনি তৃণমূলের সভাপতিতে নাম লিখিয়েছেন।

