“আমি চাই জিটিএ নির্বাচন হোক, পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনও করাতে চাই”, বললেন মমতা

আমাদের ভারত, শিলিগুড়ি, ২৭ মার্চ: রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পাহাড়ে ধীরে ধীরে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। এখন পাহাড়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়। একক কোনও রাজনৈতিক দলের হুইপ চলে না। বাসিন্দারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আর তার সবথেকে বড় উদাহরণ হলো দার্জিলিং পুরনির্বাচন। এই নির্বাচনে মাত্র তিনমাসের দল হামরো পার্টি পুরসভা দখল করে। এমনকি এই নির্বাচনে প্রচুর নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন। যা পাহাড়ের নির্বাচনে বিরল। আর তাই এই আবহেই এবার পাহাড়ে জিটিএ নির্বাচন করাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরনির্বাচন শেষ হতেই তিনি ঘোষণা করেছিলেন পাহাড়ে জিটিএ নির্বাচন করবার। আর সেই মতই রবিবার থেকে পাহাড় সফর শুরু করলেন তিনি। ৩দিন পাহাড়ে থেকে নানান রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন। কারা নির্বাচনের পক্ষে আর কারা নয় তাই নিয়েই আলোচনা সারবেন। এদিন বাগডোগরার উত্তরাতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, “জিটিএ নিয়ে কথা বলতে হবে। আমি চাই জিটিএ নির্বাচন হোক। এই মে-জুন মাসেই নির্বাচন করাতে চাইছি। আর তার জন্যই কিছু রাজনৈতিক দলের সঙ্গেও আমাকে কথা বলতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আমি পাহাড়ে যাচ্ছি।” তিনি আরও বলেন, “পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনও করাতে চাই আমি। কিন্তু তার জন্য একটু আইন সংশোধনের বিষয় রয়েছে। পাহাড়ে এখন দ্বিস্তরীয় পঞ্চায়েত রয়েছে সেটাকে ত্রিস্তরীয় পঞ্চায়েত করতে হবে। তা ইতিমধ্যেই কেন্দ্রকে জানানো হয়েছে তারা যদি আইন সংশোধন করে এটা করে দেয় আমরা নির্বাচন করিয়ে দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *