উলটো সুর, জিটিএ নির্বাচনের বিরোধিতা করলেন বিমল গুরুং

আমাদের ভারত, শিলিগুড়ি, ৩১ মার্চ: রাজ্যে ক্ষমতায় আসার পর পাহাড়ে গণতন্ত্র ফিরিয়ে আনে রাজ্য সরকার। পাহাড়ে শান্তি বজায় রাখতে বার বার পাহাড়বাসীর কাছে ছুটে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তিনি পাহাড়ে এসে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পায়ে হেঁটে জনসংযোগ করেছেন। মানুষকে আশ্বাস দিয়েছেন যে সরকার পাহাড়বাসীর পাশে রয়েছে। আবার তিনি ক্ষমতায় এসে পাহাড়ের উন্নয়নের জন্যই ২০১১সালে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন(জিটিএ) গঠন করেন। আর পাহাড়ে গণতন্ত্র ফিরতেই এবার জিটিএ নির্বাচন করাতে চাইছে রাজ্য সরকার। এবার পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী এবিষয়ে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। সকলেই জিটিএ নির্বাচনকে সমর্থন করেছে। কিন্তু একমাত্র মোর্চা জিটিএ নির্বাচনের আগে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি করে। এমনকি মুখ্যমন্ত্রী পাহাড়ে আসার আগে তারা এই দাবিতে পাহাড়জুড়ে পোস্টারও লাগিয়েছিল। এবার আবার মুখ্যমন্ত্রী পাহাড় থেকে ফিরে যেতেই সেমিনারের আয়োজন করতে চলেছে গোর্খা জনমুক্তি মোর্চা৷ সেই সেমিনারে উপস্থিত থাকবেন সভাপতি বিমল গুরুং।

এপ্রসঙ্গে বিমল বলেন, “পাহাড়ের জন্যই আমরা স্থায়ী রাজনৈতিক সমাধান চাইছি। জিটিএ কখনই সফল নয় তাই জিটিএ নির্বাচনের আপাতত বিরোধিতা করেছি। আগে রাজনৈতিক সমাধান হোক তারপর অন্যান্য নির্বাচন। এই নিয়েই আমাদের সেমিনার রয়েছে শনিবারে। সেখানে সব দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেমিনারের পর আমি বিস্তারিত সব বলবো। এমনকি আমার রাজনৈতিক অবস্থানও তখন জানিয়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *