আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ মার্চ : “আমি নোয়াপাড়ার প্রতিটা মানুষকে চিনি, প্রতিটা ক্লাবকে চিনি, বাড়ি বাড়ি ঘুরে দেখেছি আমি তারা কোন মতাদর্শের। আমি জানি কে কাকে ভোট দেবে? নোয়াপাড়ার বাসিন্দাদের সঙ্গে আমার খুব ভালো পরিচয়। আমি জিতলে আমার ফেলে আসা অসম্পূর্ণ দুটো কাজ আগে করতে চাই। প্রথম, শিউলি ও মোহনপুর গ্রাম পঞ্চায়েতে ২৪ ঘণ্টা পানীয় জলের প্রকল্পের কাজ যেটা আটকে আছে সেটা সম্পূর্ন করব, দ্বিতীয় ইছাপুরের নবাবগঞ্জ গঙ্গার ঘাটের সংস্কার আটকে আছে, ফলে ওই ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সেটা চালু করতে চাই। এই দুটো প্রাথমিক কাজ আমার। নোয়াপাড়ার মানুষ রাজনৈতিক ভাবে বিচক্ষণ, সচেতন, ভালো করেই জানে কে তাদের পাশে থাকবে, সঠিক সিদ্ধান্ত নেবে নোয়াপাড়ার বাসিন্দারা।” বললেন বিজেপি প্রার্থী সুনীল সিং।
নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি সুনীল সিংকে টিকিট দিয়েছে। বছর দেড়েক আগে তিনি সাংসদ অর্জুন সিংয়ের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন। সুনীল সিংয়ের নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা হতেই তাঁর গারুলিয়ার বাড়িতে দলীয় কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। তাঁর বাড়িতে অসংখ্য অনুগামী এসে তাকে শুভেচ্ছা জানায়।
নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন মঞ্জু বসু। মঞ্জু বসু নোয়াপাড়া কেন্দ্রের ২ বারের জয়ী হয়ে ছিলেন। সুনীল সিংয়ের প্রাক্তন সহকর্মী মঞ্জু বসুকে সম্মান জানিয়ে সুনীল সিং বলেন, “নোয়াপাড়ার মানুষ জানে কাকে পাশে পাবে, কে তাদের পাশে থাকবে। নোয়াপাড়ার বাসিন্দারা এবার সোনার বাংলা গড়তে বিজেপিকে এই কেন্দ্র থেকে জয়ী করবে।”

