সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৩ এপ্রিল: বনগাঁ আদালতে দাঁড়িয়ে আইনজীবীদের সামনে, নিজের সার্ভিস
রিভলবার বের করে বাগদা থানার এসআই আসাদুল মণ্ডল বলেন, “বেশ করেছি গুলি চালিয়েছি। প্রযোজনে আবার গুলি চালাব। এই ঘটনার পর বনগাঁর বিজেপি নেতৃত্ব ওই এসআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন, আদালত ১০০০ টাকার বণ্ডে ওই এসআইকে জামিন দেয়।
বৃহস্পতিবার ভোট চলাকালীন গুলি চালানোর অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪। পরগনার বাগদা বিধানসভার ৩৫ নম্বর বুথে। ওই ঘটনায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছিল বিজেপির ৩ সমর্থক। এক পুলিশ আধিকারিকও আহত বলে জানা গিয়েছে।
গ্রামের মানুষ দেখেছিল বাগদা থানার এক পুলিশ কর্মী বাড়ির মধ্যে ঢুকে গুলি চালায়। ঘটনার পর পুলিশ বিজেপি সমর্থক পাঁচ গ্রামবাসীকে গ্রেফতার করে। শুক্রবার ওই পাঁচজনকে আদালতে নিয়ে আসেন বাগদা থানার এসআই আসাদুল মণ্ডল। গ্রামবাসীরা আসাদুলকে দেখে বলেন, ওই পুলিশ আধিকারিক বাড়িতে ঢুকে গুলি চালাচ্ছিল। এরপরই তিনি আদালতে দাঁড়িয়ে নিজের সার্ভিস রিভালবার বের করে বলেন, বেশ করেছি গুলি চালিয়েছি, প্রয়োজনে আবার চালাব। সেখানে উপস্থিত থাকা আইনজীবী ও বিজেপি কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিজেপির জেলা নেতৃত্ব এসে ওই অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তাকে ১০০০ টাকা জরিমানা করে জামিন দেয়। এই ঘটনায় এদিন সন্ধ্যে সাতটা নাগাদ ওই অফিসারের শাস্তির দাবি তুলে পথ অবরোধ করে বিজেপি।

বিজেপি প্রার্থী অশোক কীর্তনীয়া ও শোভন বৈদ্য বলেন, আসাদুল আমাদের কর্মীদের উপরে গুলি চালিয়েছিল। আজ ফের আদালতে এসে বলেন বেশ করেছি গুলি চালিয়েছি প্রয়োজনে আবার গুলি চালাব। এইটাই তৃণমূল সরকারের সংস্কৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যের পুলিশ। এর থেকে সভ্য কি হতে পারে। এই অফিসারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে।

