অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ৫ মে: সরকারের আশ্বাসেও এখন আশা দেখতে ভরসা পান না এসএসসি পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার ফের শিক্ষক নিয়োগের ঘোষণার পর পশ্চিমবঙ্গ আপার প্রাইমারী চাকরিপ্রার্থী মঞ্চ উত্তর দিনাজপুরের সহ সভাপতি সুশান্ত ঘোষাল এই প্রতিবেদককে বলেন, “যোগ্য প্রার্থীরা নিয়োগের আশায় প্রায় ধারাবাহিক ভাবে আন্দোলন করে চলেছি।”
উত্তর দিনাজপুরের হেমতাবাদের সুশান্ত ভূগোলে স্নাতক হন এক দশক আগে। ২০১৪-র ৩০ জানুয়ারি আপার প্রাইমারি (৫-১০ম শ্রেণি) শিক্ষক নিয়োগ অফলাইন বিজ্ঞপ্তির পর ২০১৫-র ১৬ আগস্ট বসেন টেট পরীক্ষায়। একবার ইন্টারভিউ এবং মেধা তালিকা প্রকাশ হয়ে ২০২০-র ১১ ডিসেম্বর নিয়োগ বাতিল হয়। এর পর ৩১ জুলাইয়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন কলকাতা হাই কোর্টে মৌসুমী ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্জ। কিন্তু পরবর্তীতে ২০২১-এর ২১ জুন দ্বিতীয়বার ১৪,৩৩৯টি শূন্য পদে ইন্টারভিউ তালিকা প্রকাশ হলে আবারও দুর্নীতি ও অস্বচ্ছতা জালে আটকে যাই। যোগ্য প্রার্থী দু’ দুবার ইন্টারভিউয়ের পরেও দীর্ঘ আট বছরে আইনি জটে নিয়োগ অধরা। নিয়োগে আদালত নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেও কমিশন বারবার লঙ্ঘন করে চলেছে।”

