এক ঘন্টার উপর র‍্যালি মুখ্যমন্ত্রীর জন্যও করি না, রেগে গিয়ে বললেন অভিনেত্রী নুসরাত জাহান

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মার্চ: তাঁকে দিয়ে এক ঘণ্টার বেশি রোড’শো করানোয় রেগে গেলেন অভিনেত্রী নুসরাত জাহান। রেগেমেগে তিনি গাড়ি থেকেই নেমে গেলেন। যাবার সময় বলে গেলেন ১ ঘন্টা রোডশো আমি মুখ্যমন্ত্রীর জন্যও করি না। তাঁর এই কান্ড কারখানা দেখে হতাশ অশোকনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং তৃণমূল নেতা কর্মীরা।

অশোকনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ণ গোস্বামীর সমর্থনে গতকাল গুমা এলাকায় তৃণমূলের একটি রোড’শোতে উপস্থিত ছিলেন নুসরাত জাহান। রোড’শো শেষে অশোকনগর বিধানসভার অন্তর্গত কচুয়া এলাকায় একটি জনসভাতে যোগদানের কথা ছিল তাঁর। কিন্তু রোড শো শেষ হবার আগেই তিনি চলে যান। দীর্ঘসময় ধরে রোড’শো চলতে থাকায় রেগে গাড়ি থেকে নেমে যান অভিনেত্রী তথা সাংসদ নুসরাত। সেই সময় এক কর্মী তাঁকে অনুরোধ করেন আর কিছুটা গেলেই শেষ হয়ে যাবে। সেই সময়কার কথোপকথনের একটি ভিডিওয় দেখা যাচ্ছে, অভিনেত্রী তথা সাংসদ বলছেন, ‘এক ঘন্টার উপর র‍্যালি করছি, মুখ্যমন্ত্রীর জন্যও করি না।’ এই বলে তিনি চলে যান।

রোড’শো শেষে কচুয়া এলাকায় যে জনসভা করার কথা ছিল সেখানে না আসতে পারায় কর্মীদের উদ্দেশ্যে অশোকনগর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, রোড শো চলাকালীন অভিনেত্রী তথা সাংসদ চোট পেয়েছেন, তাই তিনি কলকাতায় ফিরে গেছেন।
দেখুন ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *