রাজেন রায়, কলকাতা, ২৫ ডিসেম্বর: রাজ্য রাজ্যপাল সংঘাতে রীতিমতো সুতোর মত ঝুলছে হাওড়া এবং বালির পুরসভার ভোটের ভবিষ্যৎ। হাইকোর্টে এজি যখন দাবি করেছেন, এই বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তখন টুইটারে রাজ্যপাল জানালেন, তিনি এরকম কোনও বিলে সই করেননি। অন্যদিকে এই একই বিষয়ে সরব হয়েছে বিজেপিও। টুইট করে বিজেপির মুখপাত্র অমিত মালব্য জানিয়েছেন, আদালতকেও বিভ্রান্ত করছে রাজ্য।
শনিবার টুইট করে রাজ্যপাল জগদীপ ধনখকর জানান, ‘বিভিন্ন সংবাদমাধ্যম মারফৎ আমি জানতে পারছি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১-এ নাকি আমি সই করেছি। এ খবর একেবারেই ঠিক নয়।’ একই সঙ্গে রাজ্যপাল আরও ব্যাখ্যা তলব করেছেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১ নিয়ে।
কিন্তু শুক্রবারই কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, হাওড়া ও বালি পুরসভা সংক্রান্ত যে বিল তাতে সই করেছেন রাজ্যপাল। তাই সেখানে ভোট হতে আর কোনও সমস্যা নেই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চেই এ কথা জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তাহলে সঠিক কথাটা কে বলছেন, সেটা যেন রীতিমতো বিভ্রান্তিকর।

