“গাছ তলায় তুলে এনে কাপড় খুলে দিতে পারি,” তৃণমূল সাংসদ সৌগত রায়ের জুতোপেটা মন্তব্যের পাল্টায় আক্রমনাত্মক দিলীপ ঘোষ

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: ফের বিস্ফোরক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণে তার জুড়ি মেলা ভার। তৃণমূল সাংসদ সৌগত রায়ের জুতোপেটা করার মন্তব্যের পাল্টা দিতে গিয়ে চরম ভাষায় আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের এক সভায় দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ সৌগত রায়কে মোটা কালো ধুমসা একটা এমপি বলে কটাক্ষ করেন। একই সঙ্গে তার কাপড় খুলে দেওয়া জুতোপেটা করার পাল্টা হুঁশিয়ারি দেন।

দিলীপ ঘোষ বলেন, “একটা মোটা কালো ধুমসা এমপি
আছে, খালি বলে জুতা মারবে। কিছুই করতে পারবি না। তোর কাপড় খুলে দেবে কালকে লোক। আমি বলছি কলার ধরে নিয়ে এসে গাছের তলায় জুতাপেটা করতে পারি।”

এর আগে তৃণমূলের সমালোচকদের আক্রমণ করতে গিয়ে অশালীন মন্তব্য করেছিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। তৃণমূলের সমালোচকদের জুতাপেটা করার নিদান দিয়েছিলেন তিনি। এমনকি তৃণমূল বিরোধীদের পিঠের চামড়া তুলে পায়ের জুতো করে পরার কথা বলেছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ। তার পাল্টা দিতে গিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ালেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। দাঁতনের সভা থেকে তার প্রকাশ্যে হুঁশিয়ারি, “চিরদিন সমান কারো যায় না, সাবধানে কথা বল। আমরা কি মায়ের দুধ খাইনি? জল খেয়ে বড় হয়েছি নাকি আমরা ? তুলে নিয়ে এসে এই অশ্বথ্য গাছের তলায় নিয়ে এসে জামাকাপড় খুলতে পারি, জুতাপেটা করতে পারি। তৃণমূলের কোনো বাপের ব্যাটার হিম্মত নেই আটকে রাখতে পারে।”

এরপরেও থামেননি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, “এই ভরা বাজারে বলতে এসেছি, যেখানে আমার কার্যকর্তাদের উপর অত্যাচার করা হয়েছে। দিলীপ ঘোষ মরে যায়নি। অন্যের পয়সায় খাই না। লুট করি না। সব লেখা আছে। হাওয়া ঘুরছে।”

বিতর্কিত মন্তব্য করায় বরাবরই শিরোনামে থাকতেন দিলীপ ঘোষ। মাঝে সেটা কিছুটা কমলেও ফের স্বমহিমায় দেখা গেল তাকে দাঁতনে। সুযোগ পেলেই তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে তার জুড়ি মেলা ভার। “দিলীপ ঘোষ মরে যায়নি” মন্তব্যের মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে দিলেন ফের একবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *