আমাদের ভারত, ১০ জুলাই: দলের রাজ্য সভাপতি থাকার সময় তিনি যে কাজ করেছিলেন এখন তার থেকেও বেশি কাজ করছেন- এই কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এবার ছ’মাস আগে থেকেই পঞ্চায়েতের নির্বাচনী প্রচার শুরু করেছিলেন।
আজ সকালে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “আগে দলের রাজ্য সভাপতি ছিলাম। তখন যা কাজ করতাম, এখন তার থেকে বেশি কাজ করি।”
সোমবার প্রাতঃভ্রমণের সময় তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, “দলে কি এবার দিলীপ ঘোষের গুরুত্ব ও দায়িত্ব বাড়বে?“ জবাবে তিনি বলেন, “এখন আমি বেশি ঘুরি। বেশি মানুষের কাছে যাই। আমি ৬ মাস আগে থেকে পঞ্চায়েতের জন্য ঘুরেছি।
পার্টি যদি আমাকে বলে, এই কাজ করতে হবে, আমি প্রস্তুত। পার্টিতে দায়িত্ব দেওয়া হয়। কাউকে জিজ্ঞাসা করা হয় না। কাজ করতে হবে জমিতে গিয়ে। আমরা অমিত শাহকে দেখেছি যখন তিনি সভাপতি ছিলেন, তিনি ব্লকে, মণ্ডলে গিয়ে গিয়ে মিটিং করতেন। তার ফলে সারা দেশে আজ পার্টি পৌছে গেছে। এটাই মূল কাজ।
সংবাদিকরা তাঁকে বলেন, এবার বিজেপি ভালোই মারপিট করেছে। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “কোথাও যদি করে থাকে, ঠিকই আছে। প্রতিরোধ করেছে। যেখানে শক্তি দেখাতে এসেছিল, আমরা আটকেছি। মানুষ তাড়া করেছে। কিন্তু পুলিস এসে আমাদের বাধা দিয়েছে।
মজার ব্যাপার, সাধারণ মানুষ মার খায়। আর তারা যখন প্রতিবাদ করে, তখন পুলিস তাদের ওপরেই লাঠি চালায় আর গ্রেফতার করে। গুণ্ডারা লুঠপাট করে খুন খারাপি করে চলে যায়, তাদের কেউ আটকায় না।”

