সাথী দাস, পুরুলিয়া, ২২ এপ্রিল: নিজের বাড়িতেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হল স্ত্রীকে। আজ সন্ধ্যায় পুরুলিয়া শহরের গিরীশ চন্দ্র বিদ্যাপীঠ লেনে ঘটনাটি ঘটে।
স্থানীয় বাসিন্দা রঞ্জন চৌধুরী নামে ওই যুবকের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান তাঁর মা। তিনি চিৎকার করে প্রতিবেশীদের সাহায্যের জন্য ডাকাডাকি করেন। উদ্ধার হয় যুবকের দেহ। ওই বাড়িতেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় তাঁর স্ত্রী ক্ষমা চৌধুরী। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে পুরুলিয়া সরকারি দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

মৃত যুবকের মায়ের দাবি অপরিচিত এক ব্যক্তি ওদের মেরে বাড়ি থেকে পালিয়ে যায়, যা তিনি নিজের চোখে দেখেছেন। মৃতের মায়ের আরও দাবি, ত্রিকোন প্রেমের জেরেই এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা পুলিশের ডি এস পি (ডি অ্যান্ড টি) ঘটনাস্থলে পৌঁছান। সদর থানার পুলিশ রঞ্জনের মৃত দেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

