স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ জুন:
নবদ্বীপের প্রতাপনগর বাজার সংলগ্ন এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার হল আধপোড়া মৃতদেহ। প্রতিবেশীদের দাবি, বিবাহ বর্হিভুত সম্পর্কের জেরে খুন করা হয়েছে ঐ ব্যক্তিকে। ঐ ব্যক্তির স্ত্রী তাঁর স্বামীকে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ প্রতিবেশীদের। নিহতের স্ত্রী এবং শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য নবদ্বীপ থানার পুলিশ আটক করেছে।
আজ সকালে, নবদ্বীপের প্রতাপনগর বাজার সংলগ্ন এলাকায় সুশান্ত ঘোষ নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, অনেকদিন ধরেই ওদের বাড়িতে অশান্তি হচ্ছিল। এর আগেও অনেকবার ঐ মহিলা তার স্বামীর অনুপস্থিতিতে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। এর প্রতিবাদ করায় দীর্ঘ দিন যাবৎ সুশান্তবাবুর স্ত্রী তার উপর অত্যাচার করতো বলে অভিযোগ। এমনকি তার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে পর পুরুষের সঙ্গে সম্পর্ক করত বলে গুরুতর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আজ সকালে প্রতিবেশী এক মহিলা হটাৎ দেখতে পান কিছু একটা ঐ বাড়ির উঠোনে অর্ধেক পোড়া অবস্থায় পড়ে আছে। তারপর ভালো করে দেখলে বুঝতে পারে একটি মৃতদেহ পড়ে আছে। পরে প্রতিবেশিরা সবাই দেখে নবদ্বীপ থানায় খবর দেন। পরে নবদ্বীপ থানার পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। নিহতের স্ত্রী এবং শাশুড়িকে নবদ্বীপ থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

