জয় লাহা, দুর্গাপুর, ২৯ আগস্ট: অবৈধ সম্পর্কের সন্দেহ। আর তার জেরে স্ত্রীর গলায় ওড়না জড়িয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সিএমইআরআই বাস স্ট্যান্ড বস্তি এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতার নাম নুরি পারভিন(৩৫)।
সকালে তার দুই মেয়েকে স্কুলে নিয়ে যেতে মানা করে স্বামী মহম্মদ আকিল। অভিযোগ, তার স্ত্রী নুরি পারভিন মেয়েদের স্কুলে ছেড়ে অন্য ছেলের সঙ্গে দেখা করতে যায়। আর এসব নিয়ে অনেক দিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এদিন সকালে নুরি পারভিনকে স্কুলে মেয়েদের নিয়ে যেতে আপত্তি করা স্বত্ত্বেও তা না শোনায় দুই জনের মধ্যে বচসা শুরু হয়। পরে মহম্মদ আকিল রাগের মাথায় তার স্ত্রী নুরি পারভিনকে দরজা বন্ধ করে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। তাদের দুই মেয়ে ঘরের বাইরে থেকে ছাড়ানোর চেষ্টা করেও পারেনি বলে জানায় তাদের মেয়ে। খবর চাউর হতেই আশপাশের লোকজন ছুটে আসে। এবং পুলিশে খবর দেয়। নুরি পারভিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে নুরি পারভিনের মা সহ ও তার বাপের বাড়ির লোকজন পৌঁছায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্বামী মহম্মদ আকিলকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

