পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৯ নভেম্বর: হাতির থানায় মৃত্যুর মিছিল ঝাড়গ্রামে। স্বামী-স্ত্রীকে বাড়ির পাশের জঙ্গলে আছাড় মারলো দলছুট-দাঁতাল হাতি। জঙ্গলের মধ্যে সারারাত পড়ে রইল স্বামীর নিথর দেহ, তার পাশে আশঙ্কাজনক অবস্থায় পড়ে রইলো স্ত্রী। ঘটনাটি জামবনি থানার অন্তর্গত কষাকুলিয়া গ্রামের।
পুলিশ ও গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে, আমতলিয়া বিটের কষাফুলিয়া গ্রামটি বাংলা-ঝাড়খন্ড সীমান্তে রয়েছে। এই গ্রামটি চারদিক থেকে শালবনের জঙ্গলে ঘেরা। বুধবার দুপুরে ঝাড়খণ্ডের দিক থেকে একটি দলছুট দাঁতার হাতি আমতলিয়া বিটের কষাফুলিয়া এলাকার জঙ্গলে ঢুকে পড়ে। হাতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা ও হুলা পার্টির সদস্যরা। গ্রামবাসীদের সাফ জানিয়ে দেওয়া হয় জঙ্গলে এখন হাতি রয়েছে কোনোমতেই জঙ্গলে যাওয়া যাবে না। এই অবস্থায় লোকের জমিতে চাষের কাজ করে বুধবার বিকেলে বাড়ি ফিরছিলেন কষাফুলিয়া গ্রামের বৃদ্ধ দম্পতি কৃষ্ণ শবর (৭০) ও তার স্ত্রী রেনু শবর (৬৮)। জঙ্গলের রাস্তা পেরিয়ে বাড়ি ঢোকার মুখে জঙ্গলের মধ্যেই হঠাৎ তাদের উপর চড়াও হয় দলছুট হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধ কৃষ্ণ শবরের। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন তার স্ত্রী রেনু শবর। জঙ্গলে হাতি থাকার কারণে কেউ আর জঙ্গলের দিকে যায়নি। তাই তারা সারারাত জঙ্গলেই পড়েছিল।
আজ সকালে গ্রামবাসীরা দেখেন তাদের বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলের মধ্যে কৃষ্ণ শবর মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার স্ত্রী জীবিত অবস্থায় রয়েছে। তারপরেই বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছায় জামবনী থানার পুলিশ, তাদের উদ্ধার করে নিয়ে যায় চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণকে মৃত ঘোষণা করেন এবং তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে স্থানান্তর করা হয় ঝাড়গ্রাম গর্ভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে।
কৃষ্ণ শবরের ভাইপো নির্মল শবর বলেন, “তারা দু’জনেই কাজে গিয়েছিল। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় হাতি তাদের আক্রমণ করে। সারারাত জঙ্গলের মধ্যেই তারা দু’জন পড়েছিল। আজ সকালে তাদের দেখতে পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জেঠু কৃষ্ণ শবরকে ডাক্তার মৃত ঘোষণা করেন। এবং জেঠিমা রেনশবরকপ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জামবনি থানার অন্তর্গত যমুনাশোল এলাকায় দলছুট দাঁতাল হাতির থানায় সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে যুধিষ্ঠির মাহাতো(৫৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনার কয়েকদিন আগে শনিবার রাতে ঝাড়গ্রাম রেঞ্জের পুকুরিয়া বিটের বড়চাঁদাবিলা গ্রামে ধান জমি পাহারা দিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয় পরীক্ষিত মাহাতো (৪২) নামে এক কৃষকের।

