ঝাড়গ্রাম শহরে হাতির হামলায় স্বামীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্ত্রী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ জুলাই: হাতির হামলায় স্বামীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্ত্রী।সোমবার ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নতুন বস্তি এলাকায়।

মৃত ব্যক্তির নাম জয়দেব কিস্কু, তার বয়স ২৮ বছর। তিনি এক বছর হল ঝাড়গ্রাম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নতুন বস্তি এলাকায় বাড়ি করে বসবাস করছেন। সোমবার ভোরে সাইকেলের পিছনে স্ত্রী’কে বসিয়ে ঝাড়গ্রাম বাজারে কাজে যাওয়ার সময় তার বাড়ির সামনেই ঝোপের আড়ালে থাকা হাতি তার সামনে চলে আসে। সাইকেল থেকে ঝাঁপ দিয়ে কোনোক্রমে তার স্ত্রী ছুটে পালিয়ে প্রাণে বেঁচে যায়। তবে দুটি হাতি তাকে পা দিয়ে পিষে দিয়ে চলে যায়। সেই সঙ্গে সাইকেলটিকে দুমড়ে মুচড়ে দেয়।

হাতি দুটি চলে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মী ও ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।

তবে ঝাড়গ্রামে হাতির হামলায় মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাড়গ্রাম শহর লাগোয়া সাপধরা গ্রাম পঞ্চায়েতের কুন্ডল ডিহি এলাকায় গত পাঁচ থেকে সাত দিন ধরে হাতি তাণ্ডব চালাচ্ছে। ঘরবাড়ি ভাঙ্গচুর করছে। ফসলের ক্ষতি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *