সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ আগস্ট: স্ত্রীর সঙ্গে অবৈধ্য সম্পর্ক, এই সন্দেহে প্রতিবেশী এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অঘর বিশ্বাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার নাটাবেরিয়া কুজারবাগী সর্দার পাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম রঞ্জিত বালা (৫৪)। মৃতের স্ত্রী ঊষা বালার অভিযোগ, প্রতিবেশী অঘোর বিশ্বাস আজ সকালে বাড়িতে ঢুকে তার স্বামীকে ধারালো দাঁ দিয়ে কুপিয়ে খুন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অঘোর সন্দেহ করতেন যে তাঁর স্ত্রীর সঙ্গে রঞ্জিতের অবৈধ সম্পর্ক আছে। তারা ফোনে কথা বলতেন। এই নিয়ে এদিন সকালে রঞ্জিত ও অঘোরের সঙ্গে বচসা বাধে। এরপরই মেজাজ হারিয়ে রঞ্জিত বালাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন অঘোর। রঞ্জিত বালার বুকে, পিঠে ও হাতে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঊষা বালা তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পরে বালা পরিবার।
মৃত রঞ্জিত বালার মেয়ে মৌসুমী বালা জানান, “গত চারদিন এই বাড়িতে আছি। সকালে ঘরে ছিলাম। বাবা বাড়ির উঠোনে মুরগির খাঁচা তৈরি করছিল। ঘরের ভিতর থেকে শুনতে পাই মা চিৎকার করছে। বাইরে এসে দেখি বাবার বুকে, হাতে আঘাতের চিহ্ন। পাশে ধারালো অস্ত্র হাতে দাঁড়িয়ে অঘোর বিশ্বাস। রক্তাক্ত পরিস্থিতি দেখেই সে পালিয়ে যায়। এলাকার কয়েকজন মিলে বাবাকে হাসপাতালে নিয়ে যায়।”
স্থানীয় বাসিন্দাদের দাবি, রঞ্জিত বালার প্রতিবেশী অঘোর। গ্রামের অনেকের সঙ্গেই অভব্য আচরণ করে থাকেন। কিছু হলেই দাঁ দিয়ে কোপাতে চলে আসেন। এর আগেও এলাকায় বেশ কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনকী নিজের শ্বশুর-শাশুড়িকেও আক্রমণ করেছেন বলে দাবি স্থানীয়দের। আর এদিনের ঘটনার পর এলাকার উত্তেজিত জনতা অঘোর বিশ্বাসের বাড়ি ভাঙ্গচুর করে৷ প্রথমে পালিয়ে গেলেও পরে পুলিশ অঘর বিশ্বাসকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

