সন্তান নষ্ট করার চেষ্টা! গর্ভবতী স্ত্রীকে ব্যাট দিয়ে পেটালো স্বামী, অমানবিক ঘটনার সাক্ষী বালুরঘাট

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২২মে: পারিবারিক অশান্তির জেরে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ব্যাট দিয়ে পেটানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে। শনিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের যুবশ্রীমোড় এলাকা। ঘটনায় অভিযুক্ত স্বামী শ্যামসুন্দর রায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এদিন সকালে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। মিথ্যে অপবাদ দিয়ে সন্তান নষ্ট করতেই স্বামী – শ্বাশুড়ির এমন চেষ্টা, হাসপাতালের বিছানায় শুয়ে বললেন আক্রান্ত মহিলা।

জানা গেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শ্যামসুন্দর রায়ের সঙ্গে বিয়ে হয় আক্রান্ত মহিলার। অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী এবং শাশুড়ি মিলে নববধূর উপরে নির্যাতন করে আসছিল। এদিন অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে, ব্যাট দিয়ে নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করে অভিযুক্ত শ্যামসুন্দর। যে ঘটনা সামনে আসতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। মারমুখী হয়ে ওঠেন শহরের যুবশ্রীমোড় এলাকার বাসিন্দারা। যদিও ঘটনার পরেই অসুস্থ অবস্থায় ওই গর্ভবতী মহিলাকে ভর্তি করা হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে।

গৃহবধুর মা’র অভিযোগ, শুক্রবার তিনি তাঁর বাড়ি থেকে মেয়ের বাড়িতে খাবার পাঠান। সেই সূত্র ধরেই তাঁর মেয়ের উপর অত্যাচার শুরু করে স্বামী ও শাশুড়ি।

আক্রান্ত গৃহবধূর জানিয়েছেন, ব্যাট দিয়ে তাঁকে মারধর করা হয়েছে। মিথ্যে অপবাদ দিয়ে তাঁর গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য এর আগে অনেক চাপ সৃষ্টি করেছে তাঁর স্বামী এবং শাশুড়ি।

যদিও অভিযুক্ত শ্যামসুন্দর রায় বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি তাঁর স্ত্রীকে যথেষ্টই ভালোবাসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *