স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৮ মে:
স্ত্রীর সাথে অশান্তির জেরে নিজের শরীরের একাধিক অংশে ধারালো ছুরির আঘাত করে আক্রান্ত হল স্বামী। গুরুতর আহত অবস্থায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকার।
পরিবার সূত্রে জানা যায়, শান্তিপুর মাতালগড় এলাকার বাসিন্দা দিলীপ দাস(৪০) পেশায় দিনমজুর। দীলিপবাবুর আগেও বেশ কয়েকবার তার স্ত্রীর সাথে অশান্তি হয়েছে। শুক্রবার রাত নটা নাগাদ অশান্তি চরমে ওঠে। এর পরেই বাড়িতে থাকা একটি ধারালো ছুরি দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে দিলীপবাবু। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ঘটনা জানাজানি হতেই এলাকার লোকজন এসে তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।
আক্রান্ত দিলীপ দাসের মুখ থেকে জানা যায় তার স্ত্রী বেশ কয়েকদিন আগে শান্তিপুর বড় বাজার এলাকায় বাবার বাড়িতে চলে যায়। বার বার আনার চেষ্টা করলেও আসেনি। গতকাল রাতে আবারও একবার আনতে গেলে না আসায় মানসিকভাবে ভেঙে পড়ে নিজের শরীরের বিভিন্ন অংশে ছুরির আঘাত করেন তিনি।

