সাথী দাস, পুরুলিয়া, ২ ফেব্রুয়ারি: মাকে হত্যা করেছে বাবা। মেয়ের সরাসরি এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হল বাবা। ঘটনাটি ঘটে পুঞ্চা থানার দামোদরপুর গ্রামের শবর পাড়ায়। দাম্পত্য কলহ আগে থেকেই ছিল। রাতে মদ্যপ অবস্থায় স্বামী এসে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। উত্তেজিত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুন করে স্বামী। দামোদরপুর গ্রামের বলরাম শবর তাঁর স্ত্রী লক্ষ্মী শবরকে লাঠি দিয়ে প্রথমে ঠেঙ্গিয়ে এবং পরে লোহার ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে একাধিকবার আঘাত করে। ঘটনা গভীর রাতে ঘটে। আজ ভোরবেলা খবর পেয়ে পুঞ্চা থানার পুলিশ গিয়ে লক্ষ্মী শবরকে পুঞ্চা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত লক্ষ্মী শবর(৪৫) এর মেয়ে জোনাকি শবর পুঞ্চা থানায় লিখিত অভিযোগ করে। সেখানে বাবার বিরুদ্ধে মাকে খুনের সরাসরি অভিযোগ করেন তিনি। অভিযোগের ভিত্তিতে বলরাম শবরকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সময় অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, “পুরো ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ। লক্ষ্মী শবরের মৃত দেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া মেডিকেল কলেজে পাঠান হয়।”
আজ ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজত হয় তার।

