অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৬ মার্চ:
ভয়াবহ অগ্নিকান্ডের জেরে গুরুতর জখম হলেন স্বামী ও স্ত্রী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার সারিয়া অঞ্চলের ভালুকাশোল গ্রামে।অগ্নিকান্ডে জখমরা হলেন লক্ষীন্দর বধূক (২৮) এবং তার স্ত্রী মনিকা বধূক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল চারটে নাগাদ গ্যাসের ওভেনের কাজ করছিলেন মণি বধূক। সেখানে আগুন জ্বালানোর সাথে সাথেই গ্যাস সিলিন্ডার জ্বলে ওঠে। তাকে বাঁচাতে যান তার স্বামী লক্ষীন্দর। তারা দুজনেই গুরুতর জখম হন। আহতদের প্রথমে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, অগ্নিকান্ডের জেরে তাদের বাড়ির ইলেকট্রিক লাইন এবং জামা কাপড়ে আগুন ধরে যায়। পরে গ্রামবাসীদের চেষ্টাতে সেই আগুন নিয়ন্ত্রণে আসে।

