স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ মার্চ: এক গৃহবধূকে হত্যা করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। গৃহবধূর বাবার বাড়ির তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ঢাকা পাড়া এলাকায়।
জানা গেছে, ৬ বছর আগে নদিয়ার তাহেরপুর থানার বীরনগর বিলপাড়ার বাসিন্দা যুবতী মিনা পালের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় শান্তিপুর থানার ঢাকা পাড়ার বাসিন্দা উজ্জ্বল পালের। বর্তমানে তাদের একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে। অভিযোগ বিয়ের এক বছর পর থেকেই বিভিন্ন অজুহাত নিয়ে তার স্বামী উজ্জল পাল, শ্বশুর অতীশ পাল, শাশুড়ি কল্পনা পাল এবং জা টুম্পা পাল তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। কিছুদিন আগেও তাকে টাকা চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ গৃহবধূর পরিবারের। এর আগেও অত্যাচার সহ্য করতে না পেরে একাধিকবার বাবার বাড়ি চলে যায় সে। অভিযুক্ত স্বামী উজ্জল পাল তাকে আবারও প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসে। পরিবারের অভিযোগ, কয়েকদিন আগেও তাকে অনুরোধ করে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে।
এরপর পরিকল্পনামাফিক তাকে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শান্তিপুর থানায় পরিবারের তরফ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গৃহবধূর পরিবারের লোকজন চাইছেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

