ক্যানিংয়ে গৃহবধূকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৫ জুলাই: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় এক গৃহবধূকে পিটিয়ে খুন করে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃতার নাম প্রীতিলতা সর্দার(২১)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্যানিং থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গলাডহরা গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ঝন্টু সর্দার সহ পরিবারের বাকি সদস্যরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিয়ের পর থেকেই অত্যাচার করা হত ঐ গৃহবধূর উপর। ঝন্টুর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারার কারণেই তাঁর উপর অত্যাচার করা হতো বলেই অভিযোগ মৃতার পরিবারের সদস্যদের। স্বামী সহ শ্বশুর, শাশুড়ি সকলে মিলেই অত্যাচার করতো বলে অভিযোগ। তারাই এদিন মারধর করে হত্যা করে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে ঐ গৃহবধূর। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। অগ্নিদগ্ধ অবস্থায় প্রীতিলতাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফুঁসছে, পাশাপাশি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *